প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ৩০ জন

স্টাফ রিপোর্টার
আবশ্যিক নয়, শুধু নৈর্বচনিক তিনটি বিষয়ে পরীক্ষা দিয়ে মাধ্যমিকের চৌকাঠ পেরোনোর যুদ্ধে অবতীর্ণ হয়েছে জেলার ২৯ হাজার ৮৪২ জন শিক্ষার্থী। দেশের ইতিহাসে এবারই প্রথম মাধ্যমিকে পূর্ণাঙ্গ পরীক্ষার বদলে আংশিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। করোনা মহামারির কারণে ৫৪৪ দিন টানা স্কুল বন্ধ থাকায় এ বছর মাধ্যমিকের সব বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে না। একই কারণে আগেই কমানো হয়েছিল মাধ্যমিকের সিলেবাসও।
সূচি অনুযায়ী রবিবার সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়। চলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। প্রথম দিন এসএসসির পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দাখিলের কোরআন মজিদ ও তাজবিদ হচ্ছে সকালে এবং বিকেলে দাখিলের পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) পরীক্ষা নেওয়া হয়। এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পদার্থবিজ্ঞান-২ (সৃজনশীল) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সকালে।
প্রথম দিনের দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলো ৩০ জন শিক্ষার্থী। সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে পদার্থ বিজ্ঞান পরীক্ষায় ২ হাজার ৯০০ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলো ২ হাজার ৮৮৫ জন। অনুপস্থিত ছিল ১৫ জন। এদিকে কারিগরি শিক্ষাবোর্ডের (এসএসসি/দাখিল ভোকেশনাল) অধীনে পদার্থবিজ্ঞান-২ (সৃজনশীল) বিষয়ে ৭৩৭ জন পরীক্ষার্থীদের মধ্যে ৭২২ জন উপস্থিত ছিলো। অনুপস্থিত ১৫ জন।
এবার সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে ২৪ হাজার ৮৬২ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৪ হাজার ১৬৪ জন এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি/দাখিল ভোকেশনালে ৮১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। জেলায় সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ২২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩৪টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। এছাড়াও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৯১ টি শিক্ষা প্রতিষ্ঠানের দাখিল পরীক্ষার্থীরা ১৩টি কেন্দ্রে এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি/দাখিল ভোকেশনাল পরীক্ষার্থীরা ৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (সাধারণ শাখা, শিক্ষা ও কল্যাণ শাখা, তথ্য ও অভিযোগ শাখা) শিল্পী রাণী মোদক জানান, শান্তিপূর্ণভাবে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোভিড পরিস্থিতির কারণে এবার যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিনে এসএসসি পরীক্ষায় ১৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১৫ জন অনুপস্থিত ছিলো।
এদিকে আজ ১৫ নভেম্বর সকালে বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং বিকেলে হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।