ছাতক প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদুল আজহার শুভেচ্ছা কার্ডে স্থান পেয়েছে ছাতকের বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু মানিক মিয়া তালুকদারের আঁকা ছবি। তার ছবি স্থান পাওয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মানিক মিয়াকে সম্মানী হিসেবে দেয়া হচ্ছে এক লাখ টাকা পুরস্কার। মানিক মিয়া তালুকদার (১১) উপজেলার নোয়ারাই ইউনিয়নের কাড়ইগাওঁ গ্রামের মৃত কাচমিয়া তালুকদার এর ছেলে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর গাজী লিপি স্বাক্ষরিত এক চিঠিতে এ সম্মানীর কথা জানানো হয়। তার এমন সফলতায় আনন্দে ভাসছেন মানিক মিয়ার মা, স্বজন সহ এলাকাবাসী। শিক্ষকদের দাবি উপযুক্ত প্রশিক্ষণ ও সঠিক গাইডলাইন পেলে বিশ্বমানের শিল্পী হওয়ার সম্ভাবনা রয়েছে তার।
মানিক মিয়ার মা রেহেনা বেগম জানান, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে তার ছেলের আকাঁ ছবি প্রকাশ হয়েছে এটাই তার কাছে সবচেয়ে গর্বের। এর মধ্যে এক লক্ষ টাকা পুরষ্কার তার আনন্দ আরও দ্বিগুণ করেছে।


