প্রসঙ্গ. জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি সৈয়দ আশরাফের সঙ্গে দেখা করেছেন মতিউর জগলুল ও শামীম

স্টাফ রিপোর্টার
জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে কথা বলার জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কাছে বৃহস্পতিবার গিয়েছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতিসহ ৩ নেতা। কিন্তু সৈয়দ আশরাফুল ইসলাম অসুস্থ থাকায় তাঁদের সঙ্গে   কথা বলতে পারেননি তিনি।
জানা যায়, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক পৌর মেয়র আয়ুব বখ্ত জগলুল ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বাসভবনে যান। সৈয়দ আশরাফ অসুস্থ থাকায় সুনামগঞ্জের নেতাদের সময় দিতে পারেন নি।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন,‘কমিটি গঠন প্রসঙ্গে কথা বলতে এবং দোয়ারাবাজারের কমিটি নিয়ে কথা বলার জন্য সৈয়দ আশরাফুলের কাছে গিয়েছিলাম, তিনি অসুস্থ, এজন্য সময় দিতে পারেন নি’।
তিনি জানান, এসময় পৌর মেয়র আয়ুব বখ্ত জগলুল এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীমও ছিলেন।