প্রাণভিক্ষা না চাইলে যেকোনো সময় ফাঁসি কার্যকর

সু.খবর ডেস্ক
রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা না চাইলে সরকার যেকোনো সময় জামায়াতের ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর করতে পারবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সোমবার বিকালে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তবে অ্যাটর্নি জেনারেল বলেন, নিয়ম অনুযায়ী রায় পড়ে শোনানোর পর নিজামী সাত দিন সময় পাবেন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনের।
এ প্রক্রিয়ার পর কবে কখন রায় কার্যকর হবে  সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষের বিষয় বলে জানান অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, “তবে প্রাণভিক্ষা না চাইলে যেকোনো সময় ফাঁসি কার্যকর করা যেতে পারে।”
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদ-ের রায় পুনর্বিবেচনার জন্য নিজামীর করা রিভিউ আবেদন খারিজের রায় প্রকাশ করা হয় সোমবার। পূর্ণাঙ্গ রায়ের প্রত্যায়িত অনুলিপি ইতিমধ্যে ট্রাইব্যুনালে পৌঁছেছে। এরপর সেটি কারাগারে গেলে নিজামীকে পড়ে শোনানো হবে।
এরপর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না নিজামীর কাছে জানতে চাইবে কারা কর্তৃপক্ষ। প্রাণভিক্ষার আবেদন না করলে যেকোনো মুহূর্তে কারা কর্তৃপক্ষ নিজামীর ফাঁসি কার্যকর করতে পারবে।
এর আগে নিজামীর পরিবারের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে, মতিউর রহমান নিজামী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন না।