বিন্দু তালুকদার
ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন আদায়ের প্রেস্টিজ ইস্যুর লড়াইয়ে দীর্ঘদিন পর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিদের কাছে হারলেন জামালগঞ্জের দুই প্রভাবশালী নেতা ইউসুফ আল আজাদ ও নুরুল হক আফিন্দী।
ইউসুফ আল আজাদ ৪ বার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, দুই বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ডেপুটি কমান্ডার ছিলেন। বর্তমানে জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার। নূরুল হক আফিন্দী দুই বার সাচনাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির সভাপতি। তার বাবা আব্দুল মন্নান তালুকদার জামালগঞ্জ-ধর্মপাশা-তাহিরপুর ও মধ্যনগর আসনের সংসদ সদস্য পদে নির্বাচন করেছিলেন। নুরুল হক আফিন্দীর চাচাতো ভাই আব্দুস সোবহান আফিন্দী সাচনাবাজার ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন।
এই দুই নেতার পরিবার এবারের ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া থেকে বঞ্চিত হলেন। উপজেলার আওয়ামী লীগ ও বিএনপি’র দুই প্রভাবশালী নেতার পরিবারের কেউ ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় এলাকাজুড়ে আলোচনা-সমালোচনা হচ্ছে।
আওয়ামী লীগ নেতা সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ এবারের ইউপি নির্বাচনে জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু এই ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন।
অপরদিকে উপজেলা বিএনপির সভাপতি সাচনাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হক আফিন্দী নিজে নির্বাচন না করলেও ভাতিজা উপজেলা ছাত্রদলের সভাপতি গোলাম রব্বানী আফিন্দীর মনোনয়নের জন্য আপ্রাণ চেষ্টা করেও পাননি। এই ইউনিয়নের বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপি নেতা মাসুক মিয়া।
জানা যায়, তৃণমূল, উপজেলা ও জেলা আওয়ামী লীগ থেকে জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসাবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেনের নাম পাঠানো হয়। কিন্তু ইউসুফ আল আজাদ দলীয় মনোনয়ন লাভের জন্য নিজের ব্যক্তি ইমেজ কাজে লাগিয়ে রাজনৈতিক জীবন-বৃত্তান্ত নিয়ে কেন্দ্রে অনেক দৌঁড় ঝাপ করেন। কেন্দ্রীয় আওয়ামী লীগ শেষ পর্যন্ত এই ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেনকে দলীয় প্রার্থী ঘোষণা করেন।
এদিকে বিএনপি থেকে সাচনাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন লাভের আশায় দীর্ঘদিন মাঠে কাজ করেন এবং তৃণমূল ও উপজেলা বিএনপির প্রার্থী বাছাইয়ে উত্তীর্ণ হন উপজেলা ছাত্রদলের সভাপতি গোলাম রব্বানী আফিন্দী। রব্বানী উপজেলা বিএনপির সভাপতি সাচনাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হক আফিন্দীর ভাতিজা ও এই ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আব্দুস সোবহান আফিন্দীর ছেলে। প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান হয়ে শেষ পর্যায়ে মনোনয়ন বঞ্চিত হন গোলাম রব্বানী আফিন্দী।
জমালগঞ্জ উত্তর ও সাচনাবাজার ইউনিয়নের একাধিক ভোটার জানান, জামালগঞ্জের রাজনৈতিক অঙ্গন ও ভোটযুদ্ধে ইউসুফ আল আজাদ ও নূরুল হক আফিন্দীর পরিবার প্রভাবশালী। এলাকায় এই দুই পরিবারের আদর্শের ভোট ব্যাংক রয়েছে। দুই পরিবারের সদস্যরা প্রতিটি স্থানীয় নির্বাচনে অংশ গ্রহণ করেছেন। বিজয় এবং পরাজয় দুটোই ছিল তাঁদের। কিন্তু এই প্রথম দলীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই পরিবার নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা তা অনিশ্চিত হয়ে পড়েছে। দুটি পরিবার-ই রাজনৈতিক পরিবার হলেও তাদের পরিবারের কেউ দলীয় মনোনয়ন পাননি। দলীয় মনোনয়ন আদায়ের প্রেস্টিজ ইস্যুতে প্রাথমিকভাবে দলীয় প্রতিদ্বন্দ্বিদের কাছে হারলেন তারা। আওয়ামী লীগ ও বিএনপির উচিত ছিল এই দুই পরিবারের সদস্যদের ভোটে লড়ার সুযোগ করে দেয়ার।
এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ইউসুফ আল আজাদের সাথে কথা বলতে চাইলে সোমবার রাতে তাঁর ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তাঁর ছোট ভাই আসাদ আল আজাদ দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন,‘চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রদানের বিষয়টি ছিল দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। তিনি যাকে ভাল মনে করেছেন তাকেই দলীয় মনোনয়ন প্রদান করেছেন। এখন এলাকার সাধারণ ভোটারগণ অনুরোধ করছেন বড় ভাইকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। তবে নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন কিনা তা চূড়ান্ত হয়নি। সময় এলেই জনগনের রায়ের উপর সবকিছু নির্ভর করবে।’
উপজেলা বিএনপির সভাপতি নূরুল হক আফিন্দী বলেন, ‘সাচনাবাজার ইউনিয়নে যাকে বিএনপির দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। সেই লোক বিএনপির বিরোধিতা করছে। তাকে শাস্তির পরিবর্তে পুরস্কৃত করা হয়েছে। দলীয় মনোনয়ন যেভাবে হওয়ায় কথা ছিল সেভাবে হয়নি, এর ব্যক্তিক্রম হয়েছে। মনোনয়ন প্রদানের বিষয়টি যেভাবে হয়েছে তাতে মনে হয় মাঝ পথে কোথাও কিছু হয়েছে। আমরা ইউনিয়ন ও উপজেলা থেকে যার নাম দিয়েছি তাকে মনোনয়ন দেয়া হয়নি। যার নামই ছিল না তাকে দেয়া হয়েছে। এতে আমাদের দুর্ভলপুর গ্রামসহ পুরো ইউনিয়নবাসী চরম ক্ষুব্ধ হয়েছে।’
- রানীগঞ্জে আ.লীগের প্রথম নির্বাচনী কর্মীসভা তোপের মুখে নৌকার প্রার্থী অবশেষে ঐক্যের ঘোষণা
- ডিজিটাল প্রচারণা লন্ডন-পাটলি ভিডিও কনফারেন্স


