প্রয়াত সাংবাদিক আবেদ চৌধুরীর পরিবারের পাশে দাঁড়ালো আরটিভির পরিবার

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের সিনিয়র সাংবাদিক আরটিভির সাবেক স্টাফ রিপোর্টার ও দৈনিক আজকের সুনামগঞ্জ এর সম্পাদক প্রয়াত আবেদ মাহমুদ চৌধুরীর পরিবারের পাশে দাঁড়িয়েছে আরটিভির পরিবার ও আরটিভির সারাদেশের জেলা প্রতিনিধিগণ।
আবেদ মাহমুদ চৌধুরীর পরিবারের খোঁজ নিতে সোমবার বিকালে সুনামগঞ্জে আসেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, উপবার্তা প্রধান মামুনুর রহমান খান ও ন্যাশন্যাল ডেস্ক ইনচার্জ রাসেল আহমদ।
সুনামগঞ্জে এসে প্রথমে তাঁরা আবেদ মাহমুদ চৌধুরীর কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। পরে বিকালে তাঁরা সুনামগঞ্জ শহরের হাছননগরে আবেদ মাহমুদ চৌধুরীর বাসায় যান এবং পরিবারের সবার সার্বিক খোঁজ-খবর নেন ও সমবেদনা জানান।
এসময় আরটিভি পরিবারের পক্ষ থেকে আবেদ মাহমুদ চৌধুরীর বড় ভাই খালেদ আহমদ চৌধুরীর হাতে আর্থিক সহায়তায় হিসেবে নগদ এক লাখ টাকা তোলে দেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, উপ বার্তা প্রধান মামুনুর রহমান খান ও ন্যাশন্যাল ডেস্ক ইনচার্জ রাসেল আহমদ।
এরপর আরটিভির সারাদেশের প্রতিনিধিদের পক্ষ থেকে আবেদ মাহমুদ চৌধুরীর বড় ভাই খালেদ আহমদ চৌধুরীর হাতে আরও নগদ ৬৩ হাজার টাকা তোলে দেন আরটিভির সিলেটের স্টাফ রিপোর্টার রাজ্জাক রুনু, আরটিভির সিলেট প্রতিনিধি হুসাইন আহমদ সুজাদ, আরটিভির হবিগঞ্জের স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান জাহির।
আবেদ মাহমুদ চৌধুরীর দুই শিশু কন্যার হাতে উপহার সামগ্রী তোলে দিয়ে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, আরটিভির যত প্রতিনিধি আছে তার মধ্যে উজ্জ্বল ও দক্ষ ছিলেন আবেদ মাহমুদ চৌধুরী। তিনি ছিলেন একজন নিষ্টাবান, সৎ ও পরিশ্রমী সাংবাদিক। আবেদ মাহমুদ চৌধুরী মৃত্যুর পূর্বদিন পর্যন্ত দায়িত্বশীলতা ও নিষ্টার সাথে আরটিভিতে কাজ করেছেন। তার মৃত্যুতে আরটিভি পরিবার একজন দক্ষ সহকর্মীকে হারালো। আবেদ মাহমুদ চৌধুরী ইহজগত ও আরটিভিতে না থাকলেও আরটিভির পরিবার সব সময় তার পরিবারের পাশে থাকবে।’
এসময় আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতা এক্সপ্রেসের সম্পাদক ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বাংলাভিশন ও দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি মোহাম্মদ নাহিদ প্রমুখ।
আবেদ মাহমুদ চৌধুরীর বড় ভাই খালেদ আহমদ চৌধুরী তাদের পরিবারের পক্ষ থেকে উপস্থিত আরটিভির সকল কর্মকর্তা ও আরটিভি পরিবারের সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান।