দোয়রাবাজার প্রতিনিধি
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট পেপার ছিনতাইয়ের পর এখন ক্ষমতার দাপট দেখিয়ে নিরীহদের নির্যাতন-নিপীড়ন করার অভিযোগ উঠেছে দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের একাংশের আহবায়ক ফরিদ আহমদ তারেকের বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার উপজেলার সুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ইউপি সদস্য আলী নূর ও আওয়ামী লীগ নেতা আব্দুল শহীদসহ স্থানীয় ১৬২ জন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমনের কাছে লিখিতভাবে এসব অভিযোগ করেন।
অভিযোগের অনুলিপি আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক , যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের কাছে দেয়া হয়েছে।
এছাড়া ফরিদ আহমদে তারেকের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন ও নির্বাচনে দুর্নাম রটানোর অভিযোগ এনে ভবিষ্যতে তাকে আওয়ামী লীগের কোন সাংগঠনিক পদে না রাখার অনুরোধ করেছেন এলাকাবাসী। তবে এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ফরিদ আহমদ তারেক। হয়রানী করার জন্য এসব অভিযোগ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৩ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নূরপুর কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফলও ঘোষণা করা হয়। কিন্তু তারেকের ছোট ভাই পরাজিত হওয়ায় তিনি ফলাফল প্রকাশের পর ওই কেন্দ্রে ঢুকে প্রিসাইডিং অফিসারকে মারধর করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যান। এঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদ বাদী হয়ে নির্বাচন কমিশনে আরেকটি লিখিত অভিযোগ দাখিল হয়েছে। ওই অভিযোগে বলা হয়, ফরিদ আহমদ তারেকের কারণে আওয়ামী লীগ সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন ও নির্বাচনে দুর্নাম হয়েছে। এলাকার অনেক মানুষ মামলা-মোকদ্দমায় জর্জড়িত হয়ে ভিটা মাটি ছেড়ে নিরুপায় অবস্থায় দিনাতিপাত করছেন।
এ ব্যাপারে দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের একাংশের আহবায়ক ফরিদ আহমদ তারেক বলেন,‘ আমি ব্যালট পেপার ছিনতাই করিনি। অভিযোগকারী আলী নূরই ব্যালট পেপার ছিনতাই করেছে। এখন আমার বিরুদ্ধে উল্টো অভিযোগ করা হয়েছে। এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আলী নুরকে পাশ করানোর জন্য ভোটের হিসাব উলটপালট করেছে। কেন্দ্রের এজেন্ট এসবের প্রতিবাদ করায় উত্তেজনা সৃষ্টি হয়েছিল। কোন প্রমাণ না রাখার উদ্দেশ্যেই ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নষ্ট করে তারা। আমি কাউকে নির্যাতন-নিপীড়ন করিনি। আওয়ামী লীগের বড় বড় নেতাদের ঈশারায় আমাকে নানাভাবে হয়ারাণি ও নির্যাতন করা হচ্ছে। মিথ্যা মামলায় আমাকে আসামি করা হয়েছে। ’
জেলা আওয়ামী লীগর সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন বলেন,‘ দোয়ারাবাজার উপজেলার একটি অঞ্চলের বেশ কিছু মানুষ ফরিদ আহমদ তারেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হবে এবং কেন্দ্রের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’


