স্টাফ রিপোর্টার
জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম.এনামুল কবির ইমন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাথে মতবিনিময় করেছেন। শনিবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ১১টি উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডারগণ উপস্থিত ছিলেন।
জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল মোমেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম.এনামুল কবির ইমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি আ.ত.ম.সালেহ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ, মুজিবুর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার আবু সুফিয়ান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আব্দুল মজিদ, জাহাঙ্গীরনগর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোকশেদ আলী, বিশ্বম্ভরপুর উপজেলা কমান্ডার আপ্তাব উদ্দিন, জগন্নাথপুর উপজেলা কমান্ডার আব্দুল কাইয়ূম, মুক্তিযোদ্ধা মতিলাল দাশ প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন বলেন, ‘বীর মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন করেছেন। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। আজ বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে এই দেশের মুক্তিযোদ্ধারা সকল ধরনের সুবিধা ও ভাতা পাচ্ছেন। মুক্তিযোদ্ধারা আমার কাছে যে সকল দাবির কথা বলেছেন, তা আমি পূরণ করার চেষ্টা করব।’ এ সময় তিনি মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে ২ শত চেয়ার দেওয়ার ঘোষণা দেন।


