ফসলের মাঠ থেকে চায়ের কাপে নির্বাচনী আলোচনার ঝড়

আলী আহমদ, জগন্নাথপুর
আসন্ন ইউপি নির্বাচনে জগন্নাথপুর উপজেলায় মুখরিত হয়ে উঠেছে নির্বাচনী জনপদ। নির্বাচনে কে জিতবে, কে হারতে পারে, কোন প্রার্থীকে কোন গোষ্ঠী সমর্থন করছে, কিংবা করবে। প্রার্থীদের আচার-আচারণ, ব্যবহার, স্বভাব, চরিত্র কেমন এসব নানা নির্বাচনী বিষয় নিয়ে জগন্নাথপুরে ফসলের মাঠ থেকে চায়ের টেবিলে আলোচনার ঝড় উঠেছে। গ্রাম-গঞ্জে, হাটবাজারে চলছে আলোচনা। রানীগঞ্জ বাজারের চায়ের দোকানদার শারুক আলী জানান, নির্বাচনী গরমে চা বিক্রি বেড়েছে। লোকজন চা খাওয়ার পাশাপাশি পান, সিগারেটও খাচ্ছেন। আর নির্বাচনের খবরাখবরের আলাপ আলোচনায় মেতে উঠছেন।
নলুয়া হাওরেরপাড়ের ভুরাখালি গ্রামের চা বিক্রেতা হেলাল মিয়া বলেন, নির্বাচনের আগে দোকান খুলতাম ৮টায়। এখন দোকান খুলি ভোরে। কারণ এখন নির্বাচনের সময়। লোকজন সকাল সকাল এসে চা পান করে নির্বাচনী আলোচনায় ঝড় তুলেন। আগের তুলনায় এখন চা বিক্রি বেশি হচ্ছে।
জগন্নাথপুর পৌরশহরের পশ্চিম বাজারের চায়ের দোকানদার রতিন্দ্র জানান, জগন্নাথপুর সদরে কোন নির্বাচন না থাকলেও সদরে আসা জগন্নাথপুরের পার্শ্ববর্তী বিভিন্ন ইউনিয়নের লোকজন চা খেতে এসে নির্বাচনী আলাপে ব্যস্ত হচ্ছেন। এজন্য চায়ের কদর বেড়েছে।
নলুয়া হাওরপাড়ের কৃষক নেতা সিদ্দিকুর রহমান বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। হাওরের ফসলের মাঠে এখন বোরো ধানের বীজ রোপন কাজে কৃষকরা ব্যস্ত থাকলেও কাজের ফাঁকে ফাঁকে ইলেকশন নিয়ে আলোচনায় মেতে উঠছেন তাঁরা।
উপজেলা নির্বাচন অফিস ও রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় সূত্রে জানা যায়, আগামী ২৬ ডিসেম্বর জগন্নাথপুরের কলকলিয়া, পাটলী, চিলাউড়া-হলদিপুর, রানীগঞ্জ, সৈয়দপুর-শাহারপাড়া, আশারকান্দি ও পাইলগাঁও ইউনিয়ন এই সাতটি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব ইউনিয়নে ২৬ জন চেয়ারম্যান, সংরক্ষিত পদে ৮৯ নারী এবং সাধারণ সদস্য পদে ২৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরইমধ্যে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। তাঁরা প্রতীক পাওয়ার পরপর প্রচার প্রচারণায় মাঠে কাজ শুরু করেছেন। নির্বাচনী এলাকাগুলিতে ভোটের আমেজ বিরাজ করছে।