ফিরিয়ে দাও আমার সেই অরণ্য…

বয়স্ক অনেকের স্মৃতিতে ভিলেজ টাউন সুনামগঞ্জের স্মৃতি এখনও জীবন্ত। অনেকেই বলে থাকেন তাদের ছোটবেলায় একটি গাড়ির হেডলাইটের আলো দেখা কিংবা কোন যান্ত্রিক যানবাহনের হর্নের তীব্র শব্দ শোনা ছিল ভাগ্যের ব্যাপার। ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হতো। সিলেট থেকে রাতের বেলায় একটি মোটর (তৎকালীন যাত্রীবাহী বাস) আসলে হেডলাইটের তীব্র আলো জাওয়ার হাওর পেরিয়ে নতুনপাড়ার অনেক বাসা আলোকিত করত। এরকম আলো দেখামাত্র ছোটরা দৌড়ে চলে যেত বাসার পেছনের অংশে মোটরগাড়ির আসা দেখার জন্য। সিলেট-সুনামগঞ্জ রোড আর নতুনপাড়ার ওই বাসাগুলোর মাঝখানে ছিল না আর কোন বসতি কিংবা স্থাপনা। শহরে তখন এসডিও সাহেব ভিন্ন আর কারও প্রাইভেট গাড়ি ছিল কিনা তা অনেকের স্মৃতিতেই নেই। তখনকার শহর সুনামগঞ্জ ছিল ছিমছাম পরিপাটি সাজানো গুছানো একটি বড় পাড়ার মতো, যেখানে সকলেই সকলকে চিনতেন। একজনের প্রতি আরেকজনের প্রগাঢ় মমতার বন্ধন ছিল। রিকশাই ছিল শৌখিন মানুষের যান। অধিকাংশই পায়ে হেঁটে যাতায়াত করতেন। নির্মল বাতাস আর খোলা দিগন্তে বেড়ে ওঠা ওইসব বয়স্ক মানুষ আজ ঘিঞ্জি শহরের অসম্ভব ভিড়, মানুষ-যানের ঠাসাঠাসি দেখে ত্যক্ত-বিরক্ত হয়ে কখনও কখনও বলে উঠেন, ফিরিয়ে দাও আমার সেই অরণ্য…।
আজকের শহরে অচেনা মানুষের ভিড়। শহরে রিকশা, মোটরসাইকেল, অটোরিকশা, সিএনজি, টেম্পো, প্রাইভেটকারের এত বেশি চলাচল, এত বেশি মানুষের গাদাগাদি, বাতাসে এত বেশি কার্বন ডাই অক্সাইড আর বিবিধ রাসায়নিক, এত বেশি দোকানপাট, হকারদের উৎপাত, রাস্তা দখল করা হকারদের দৌরাত্ম্য, সবকিছু মিলিয়ে বসবাসের অনুপযুক্ত হয়ে উঠছে এই শহর। এমনটাই মনে করেন শহরের আদি বাসিন্দারা। বাসা থেকে বেরোলেই যান ও জন-জটের হাঙর মুখ গিলে নেয় মানুষের যাবতীয় স্বস্তি। ট্রাফিক নিয়ন্ত্রকরা রীতিমতো হিমশিম খেয়ে যান এই ভিড় সামলাতে। বিশেষ বিশেষ উৎসব উপলক্ষে এরকম যান ও জনজট বেড়ে যায় হঠাৎ হঠাৎই। আসন্ন ঈদকে সামনে রেখে শহরের ভয়াবহ যানজট নিয়ে গতকাল দৈনিক সুনামগঞ্জের খবর যে বিশ্লেষণমূলক সংবাদ পরিবেশন করেছে তার প্রতিটি ছত্রে ছত্রে এর পরিচয় ফুটে উঠেছে।
যানজটের সমস্যা বাংলাদেশের সর্বত্র নাগরিক সমস্যার অগ্রভাগে অবস্থান করছে। রাজধানী ঢাকা শহরে রীতিমতো গবেষণা করেও এর সমাধান করা যায়নি এখন পর্যন্ত। আর আমাদের শহরের সবকিছুই তো অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। এখানে কোন রাস্তা একজায়গায় প্রশস্ত তো আরেকটু সামনে যেয়েই অপ্রশস্ত, রাস্তার মোড়গুলো বিপদজনক, ডাইভারসন কম। শহরে মানুষ বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে যানবাহন। সুতরাং পুরাতন চিন্তা-ভাবনা দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়। নগরবিদ আর স্থপতিদের পরামর্শ নিয়ে শহরের রাস্তা-ঘাট ঢেলে সাজানোর সময় এসেছে আজ। নতুবা এখনই যে ত্রাহি অবস্থা আর পঁচিশ বছর পর তা কোন নরককূ-ে পরিণত হবে কেউ কি চিন্তা করে দেখেছেন?  সুতরাং সময় থাকতেই উপযুক্ত পরিকল্পনা প্রণয়নের জন্য আমরা পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
পুঁজিবাদী আগ্রাসনের ফলে গ্রাম ছেড়ে মানুষ ক্রমশ নগরে ঝুঁকছে। জীবিকার অন্বেষণে, নিরাপত্তার তাগিদে, সুযোগ-সুবিধার কারণে নগরের জনসংখ্যার স্ফীতি বাড়ছেই। নগরমুখী এই অব্যাহত জন¯্রােত আটকানো না গেলে শহর থেকে আকাশ দেখা যাবে না, ফুল-পাখির সৌন্দর্য হারিয়ে যাবে। গ্রামগুলো শুকিয়ে মরে যাবে। এই আগ্রাসনের বিরুদ্ধে তাই সামাজিক প্রতিরোধ ব্যবস্থার উত্থানও সমান জরুরি গ্রাম-শহর উভয়ের স্বার্থে। জীবনকে যান্ত্রিক না করে সজীব রাখতেই এ প্রয়াস আবশ্যক। নতুবা মানুষের যান্ত্রিকীকরণ ঘটে মানবিকতা বরফঘরের শীতলতায় জমে কাঠ হয়ে যাবে।