ছাতক প্রতিনিধি
ছাতকে নিখোঁজের ৩ দিন পর লাশ হয়ে ফিরলেন সন্ধানী লাইফ ইন্সুরেন্স গোবিন্দগঞ্জ ব্রাঞ্চের ইনচার্জ ও আ.লীগ নেতা হাজী নুরুল ইসলাম মনির (৪৫)। মনির রাধানগর গ্রামের মৃত হানিফ উল্লার পুত্র, সন্ধানী লাইফ ইন্সুরেন্স গোবিন্দগঞ্জ ব্রাঞ্চের ইনচার্জ ও ইউনিয়নের ৩নং ওয়ার্ড আ.লীগের সভাপতি।
বুধবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে তার লাশ ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের রাধানগর গ্রামে নিজ বাড়িতে নিয়ে আসা হয়।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, সোমবার বিকেলে গোবিন্দগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে একটি ফোরষ্ট্রোক উঠেন মনির উদ্দিন। বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পান পরিবারের লোকজন। সোমবার রাতে মনির উদ্দিন বাড়ি না ফেরায় পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পায়নি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম জনৈক ব্যক্তির ফেইসবুক স্ট্যাটাসে মনির উদ্দিনের ছবি দেখে পরিবারে লোকজন তাকে সনাক্ত করেন। সোমবার রাতে মোগলাবাজার রেলওয়ে স্টেশন থেকে কিছু দূরে অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে বলে স্ট্যাটাসে ছবিসহ প্রচার করা হয়। স্ট্যাটাস অনুযায়ি ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়েছে। সেখান থেকে কে বা কারা মনিরের লাশটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাপাতালে রেখে চলে যায়। মনির উদ্দেনের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে স্বজনরা হাসপাতালে গিয়ে মনির উদ্দিনের লাশ সনাক্ত করেন। মনির উদ্দিনের স্ত্রী জানান, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তার স্বামীকে হত্যা করা হয়েছে।


