ফেসবুকে ক্ষোভের প্রকাশ

স্টাফ রিপোর্টার
অতিবৃষ্টি ও দুর্বল বাঁধের কারণে অকালে তলিয়ে যাচ্ছে কৃষকের ৬ মাসের কষ্টার্জিত সোনালী ফসল বোরো ধান। কৃষকরা হাওর পাড়ে দাড়িয়ে পাকা-আধা পাকা ধান পানিতে নিমজ্জিত হওয়ার দৃশ্য চেয়ে চেয়ে দেখছেন।
ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, সময়মতো বাঁধ না দেয়া ও দুর্বল বাঁধের কারণেই এই অবস্থায় পড়ছেন তারা। হাজারো কৃষকের বেঁেচ থাকার অবলম্বন পাউবো, পিআইসির কারণে অসময়ে তলিয়ে যাওয়ায় ক্ষোভ দেখা দিয়েছে কৃষি ও কৃষক সমাজের বাইরে নানা শ্রেণি পেশার লোকজনের মধ্যে। প্রতিনিয়তই ক্ষোভ প্রকাশিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। কৃষকদের সহমর্মিতায় হাওরের ফসল ডুবা নিয়ে ফেসবুক পেজে নানা জনের পোস্ট ও কমেন্ট তোলে ধরা  হলো ।    
কবি অ্যাড. রোকেস লেইস লিখেছেন,‘প্রতি বছর বালুর বাঁধ হয়, প্রজেক্ট হয় । মৌসুম এলে তৎপরতা বাড়ে, তারপর সব ভেসে যায় বন্যায়। ফাইল, প্রজেক্ট ব্যস্ততা তোলা থাকে আগামী বন্যার অপেক্ষায়। কি বিচিত্র সমাধান ???
প্রভাষক মশিউর রহমান লিখেছেন,‘উৎকন্ঠায় সুনামগঞ্জ জেলার কৃষক। চৈত্র মাস আসলেই কৃষকের উৎকন্ঠা শুরু হয়ে যায়। সঠিক ভাবে কষ্টার্জিত ফসল ঘরে তোলতে পারবেন কিনা। মানব সৃষ্ট দুর্ভোগ ও বিরূপ প্রকৃতিই কৃষকের প্রধান শত্রু। এ বছর বৈশাখ মাস আসার পূর্বেই শুরু হয়ে গেছে প্রকৃতির বিরূপ তান্ডব লীলা। গত পরশু শিলাবৃষ্টিতে জেলার শাল্লা, জগন্নাথপুর, দিরাই, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ধর্মপাশা, সুনামগঞ্জ সদর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে অনেক ফসল তলিয়ে গিয়েছে। পানিতে শুধু ফসলই তলিয়ে যায় না, কৃষকের স্বপ্নও তলিয়ে যায়। সুনামগঞ্জ হতে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর গতকালের প্রধান শিরোনাম ছিলো কৃষকের দুর্ভোগের চিত্র নিয়ে “হাওরে কাঁদছে কৃষক, হাসছে পাউবো’, ‘ফসল রক্ষার দাবিতে কৃষক জনতার মানব বন্ধন’, ‘উদ্বেগ বাড়ছে কৃষকের’, ‘বাঁধ ভেঙ্গে তলিয়ে যাচ্ছে ফসলি জমি’। জেলার সকল হাওরের ফসল রক্ষাকারী ঝুঁকিপূর্ণ বাঁধগুলির কাজ দ্রুত সম্পন্ন করে কৃষকের সোনার ফসল ঘরে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।’
দৈনিক কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি শামস শামীম লিখেছেন,‘হাওরে কাঁদছে কৃষক। চোখের সামনে ডুবে যাচ্ছে হাওরের বোরো ফসল। সোনাধানে ভরা রবীন্দ্রনাথের সোনার তরী যেন ডুবো ডুবো…। বৃষ্টি, শিলা এবং সময় মতো বাঁধ নির্মিত না হওয়ায় কৃষকের পরিকল্পিত স্বপ্নের মৃত্যু ঘটছে। রাজনৈতিক দলের সহযোগী কৃষক সংগঠনের টাউট নেতাকর্মী, যারা প্রতিনিয়ত সহজ সরল সংগ্রামী কৃষকের নাম ভাঙ্গিয়ে কড়ি ও নাম কামাচ্ছে তারাও নিরব। সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিবেদনেও উঠে আসছেনা ক্ষতিগ্রস্ত কৃষকের চিত্র। তারা ঘরে বসেই মনগড়া রিপোর্ট তৈরি করছে। ক্ষতি যত কম দেখাতে পারে তত বেশি তাদের কৃতিত্ব। হাওর-ভাটির কৃষকদের ক্ষতিপূরণ নিয়ে কথা বলার কেউ নেই। এবার ধান পাকার আগেই কৃষকের ধানচোখের রঙিন স্বপ্ন ডুবে গেছে।’  
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল লিখেছেন,‘ চৈত-বৈশাখ মাসে আসমান হাসলে সুনামগঞ্জ হাসে, আসমান কাঁদলে কাঁদে সুনামগঞ্জ। থেমে থেমে বৃষ্টি হচ্ছে। নদীর পানির উচ্চতা বাড়ছে। চারদিকে উদ্বেগ-উৎকণ্ঠা। হুমকীর মুখে ফসলরক্ষা বাঁধগুলো। পানি আরও বাড়লে..না, কল্পনা করতে বুক কেপে ওঠে! চোখের সামনে ভেসে ওঠে মানুষের আহাজারি। কান্নার মাতম। এর মাঝে শিলাবৃষ্টি হানা দিয়েছে কিছু কিছু এলাকায়। ডুবরায় (জলাবদ্ধতা) তলিয়ে গেছে অনেক হাওরের ফসল। এই একটিমাত্র বোরো ফসল নিয়ে হাওর অধ্যুষিত এই জেলার মানুষের কত স্বপ্ন, কত নির্ভরতা। সারা বছরের সুখ-শান্তি, আশা-ভরসা-সবই নির্ভর করে ফসলটি গোলায় তোলা না তোলার ওপর। ফসল রক্ষার জন্য প্রতি বছর মোটা অংকের সরকারি বরাদ্দ আসে। এই বরাদ্দ এক এক করে পাউবোর এক্সইএন, এসডি, এসও খায়। খায় ঠিকাদার। পরে খায় চেয়ারম্যান লগে মেম্বার, এমপির প্রতিনিধি, সরকার দলের নেতা। আরো সেয়ানেরা খায় ঢাকায় বসে, পার্সেনটেজ। বরাদ্দের বাকিটুকু দিয়ে হাওরে বাধ হয়। নামকাওয়াস্তে। বৃষ্টি হলে পানি বাড়ে। পানির চাপ সামলানোর ক্ষমতা খুব কম এই সকল বাঁধের। ফলে চোখের সামনে পানির নিচে তলিয়ে যায় কৃষেকের ফসল, তার স্বপ্ন, সারা বছরের অবলম্বন। কাদে হাওর, কাদে সুনামগঞ্জ। কাদে না কেবল তারা, যারা সাধারণ নয়, অসাধারণ, সেয়ান!
দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি জাকির হোসেন লিখেছেন, হাওরে পরিপূর্ণ বোরো ফসল আর ৪/৫ দিন পরই শুরু হওয়ার কথা ধান কাটা—কিন্তু পরিতাপের বিষয় কিছু কিছু হাওরের ফসলরক্ষা বাঁধ ভেঙ্গে পানি প্রবেশ করছে–কৃষক নিরুপায় হয়ে শুধু টলমল করে তাকিয়ে আছে—এ যেনো পিতার সামনে পুত্র হত্যা–। আমিও এই দৃশ্য নিচের চোখে দেখছি–কিছুটা আবেগাপ্লুত হয়ে গেছি—আসছি সংবাদ সংগ্রহ করার জন্য কিন্তু ক্যামেরা চালাতে হাত কাপছে। আল্লাহ রক্ষা করো’
জেলা এ্যাকটিভ সিটিজেন্স এর সাধারণ সম্পাদক শহীদ নুর লিখেছেন,‘বাবার মুখের দিকে তাকানো যায় না। ২০ কেয়ার জমিনের মধ্যে ১১ কেয়ার জমি পানির নীচে। উনিই কেবল জানেন,সন্তানের আদরে কত কষ্ট করে কী ভাবে ফসল ফলাইয়ে ছিলেন, চুখের সামনে সোনার ফসল পানিতে তলিয়ে যায়। কী দুসঃহ ব্যথা। কাউকে কিছু বলার নেই। শুধু নির্বিকায় তাকিয়ে থাকা। কিছু করার নেই বৃষ্টি হচ্ছে, পানি বাড়ছে, বাঁধ ভাঙ্গছে বাকি জমিও পানিতে তলিয়ে যাবে। নিয়তি ছক্কা মারবে, দর্শক হয়ে গ্যালারীতে বসে আমরা নিয়তির খেলা দেখবো। বাহরে নিয়তি বাহ্।