বকেয়া বেতনের দাবিতে সুনামগঞ্জে তহশিলদারদের কালো ব্যাজ ধারণ

স্টাফ রিপোর্টার
ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা ও ভূমি উপ সহকারি কর্মকর্তাদের (তহশিলদারদের) উন্নীত বেতন স্কেলের স্থগিতাদেশ প্রত্যাহার করে বয়েকা বেতন ভাতা পরিশোধ ও বিধিমালা ২০২১ অনুযায়ী নিয়োগ ও পদোন্নতির দাবিতে চার দিনব্যাপি কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালিত হচ্ছে। দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলার ৩৪ টি ইউনিয়ন ভূমি অফিসে গত ৩ দিন ধরে কালো ব্যাজ ধারণ করছেন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা।
বুধবার সকালে সুনামগঞ্জ পৌর শহরের সুনামগঞ্জ সদর ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি সুনামগঞ্জ সদর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারি কর্মকর্তা মো. নুর আলী, ভূমি অফিসার্স কল্যাণ সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক সুনামগঞ্জ সদর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপ সহকারি কর্মকর্তা মো. কামাল হোসেনসহ ভূমি অফিসের অন্যান্য কর্মচারীগণ।
কালো ব্যাজ ধারণকালে জেলার সকল ভূমি কর্মকর্তাগণ তাদের দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। দাবি আদায় না হলে আজ বৃহস্পতিবারও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করবেন তাঁরা।