বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ, উদ্বোধনী ম্যাচে জয়ী দিরাই

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা) অনুর্ধ্ব ১৭ উদ্বোধন হয়েছে।
বালক ও বালিকা উভয় গ্রুপেই জয়ী হয়েছে দিরাই উপজেলা। বুধবার বিকাল সাড়ে ৩ টায় জেলা স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় দিরাই উপজেলা এবং সুনামগঞ্জ পৌরসভা বালিকা দল। খেলার প্রথমার্ধে আক্রমণ পাল্টা ও আক্রমন হলেও কোন দলই গোলের দেখা পায় নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই পর পর দুটি গোল করে দিরাই উপজেলার জুবিলী ও তমা। নির্দিষ্ট সময় শেষে ২—০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দিরাই উপজেলা।
এরপর ২য় ম্যাচে বালক দলের খেলায় ২—১ গোলে দিরাই উপজেলার কাছে পরাজিত হয় সুনামগঞ্জ পৌরসভা ফুটবল দল।
এর আগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ফুটবল খেলেছেন। উপস্থিত খেলোয়াড়দেরদের উদ্দেশ্যে করে তিনি বলেন, তোমাদেরকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হতে হবে— তবেই এই টুর্নামেন্টের সফলতা আসবে।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক নুরুল হুদা মুকুট, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আনোরুল হালিম, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো সুমন মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল কালাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড আবুল হোসেন প্রমুখ।
বালিকা দলের খেলাচ পরিচালনা করেন বাফুফে রেফারি সোহাগ আহমেদ, সহযোগী রেফারি ছিলেন ফিরোজ মিয়া, মামুন আহমেদ ও আতাউর রহমান। বালক দলের খেলা পরিচালনা করেন ইকবাল হোসেন। সহযোগী রেফারি ছিলেন শহিদুল ইসলাম শহিদ, লিটন আহমেদ, জুয়েল হোসেন।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্টের বালক বালিকা উভয় গ্রুপে জেলার ১১ উপজেলা ও সুনামগঞ্জ পৌরসভা সহ মোট ১২ টি দল অংশগ্রহণ করেছে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২ জুন সুনামগঞ্জ স্টেডিয়ামে।