বছরের শেষ দিনটি ভাল কাটল না দেশবাসীর। সুনামগঞ্জবাসীও বছরের শেষ দিনে এসে হুছট খেলেন। গাইবান্দা-১ আসনের সংসদ সদস্য মঞ্জরুল ইসলাম লিটনকে নিজ বাসায় মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে গুলি করে হত্যা করে নির্বিঘেœ পালিয়ে যায়। এই দিনই খুলনায় সরকার দলীয় এক নেতাকে একই কায়দায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পথচারী এক নারীকে আহত করে। শিপ্রা রানী কু- নামের ওই নারী পরে হাসপাতালে মারা গেছেন। এদিকে জেলার দোয়ারাবাজার উপজেলা সদরের গ্রাম নৈনগাঁওয়ে ইউপি নির্বাচনের বিরোধের জেরে বছরের শেষ দিনে প্রতিপক্ষের হাতে মারা গেছেন দুই ব্যক্তি। জেলা বিএনপির আহ্বায়ক নাছির চৌধুরীর দিরাই’র বাসভবনে বছরের শেষ রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। বাড়ির কেয়ারটেকারকে নিহত অবস্থায় অন্যত্র পাওয়া গেছে। খুনোখুনির এইসব ঘটনার সাথে জাতি বছরের শেষ দিনে অত্যন্ত বিমর্ষ হয়েছে নিউজিল্যান্ড সফরকারী বাংলাদেশ ক্রিকেট টিমের ওয়ান ডে সিরিজে হুয়াইট ওয়াশ হওয়ার কারণে। ওই দিন তিন ম্যাচ সিরিজের মেষ ম্যাচটিতেও করুণভাবে পরাজিত হয়েছে টাইগাররা। বছরের শেষ দিনে এতগুলো দুর্ঘটনা-দুঃসংবাদ নতুন বছরের আনন্দ ও আমেজকে ফিকে করে দিয়েছে ভীষণভাবে। সব ভাল তার শেষ ভাল যার আর হলো না। অন্তিম দিনের এইসব ভয়াবহ ও দুঃখজনক ঘটনাগুলোর কারণে আজ আমাদের হ্যাপি নিউইয়ার বলতেও জিহ্বা আড়ষ্ট হয়ে যাচ্ছে।
গাইবান্দায় এমপি লিটন ও খুলনার সরকার দলীয় নেতাকে আক্রমণ করার ধরনটি জাতিকে আবারও জঙ্গি হামলার ভয়াবহ স্মৃতিগুলো মনে করিয়ে দেয়। জঙ্গিরা যে কায়দায় ইতালীয় নাগরিককে হত্যা করেছে যে কৌশলে মুক্ত চিন্তক ব্লগারদের হত্যা করেছে একই কায়দায় তিন বা পাঁচ দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে ঘটনা ঘটিয়ে নির্বিঘেœ পালিয়ে যেতে সক্ষম হলো গাইবান্দা ও খুলনায়। যদিও এখন পর্যন্ত হত্যাকা-গুলোর জন্য কারা দায়ী তা উদঘাটিত হয়নি তবুও হামলার ধরণ দেখে প্রাথমিকভাবে একে অনেকেই জঙ্গি হত্যাকা-ের সাথে মিলিয়ে দেখছেন। অন্যদিকে জেলার অভ্যন্তরে দিরাই’র ডাকাতি কিংবা দোয়ারাবাজারের দুই খুন আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পরিচয় বহন করছে। এতে করে নিশ্চিন্ত নির্বিঘœ বর্ষবরণের জায়গাটি যে বহুলাংশে নষ্ট হলো তা বলা বাহুল্য।
বছর শেষের এই দুর্ঘটনাগুলো না ঘটলে পহেলা জানুয়ারিতে দেশের সোয়া চার কোটি শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেয়ার যে উৎসব সেটি আজ অন্যরকম ব্যঞ্জনায় মহিমান্বিত হতো। সোয়া চার কোটি নিষ্পাপ শিশু শিক্ষার্থীর বিমল হাসির মধ্য দিয়ে আমরা নতুন বছরকে আজ স্বাগত জানিয়েছি। সারা বিশ্বে নজির তৈরি করা এই বই বিতরণ উৎসবটি বর্তমান সরকারের এক অনন্য সাফল্য। এই অনন্য সফলতার উৎসব পালনে আজ আমরা কিছুটা হলেও থমকে দাঁড়ালাম ওই বিচ্ছিন্ন ঘটনাগুলোর জন্য। এক অজানা আতংকের মধ্য দিয়েই শুরু হলো ইংরেজি নববর্ষ।
বাংলাদেশ আজ যে উন্নয়ন মহাসড়কে হাঁটছে সেখানে সবচাইতে বড় অন্তরায় জঙ্গি আক্রমণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি। এই দুই উপসর্গ দূর করতে পারলে উন্নয়নের শিখরে উঠতে বাংলাদেশকে বেশি বেগ পেতে হতো না। সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে। কিন্তু অন্ধকারের অপরাধীরা কাপুরুষের মতো মাঝে মধ্যে কিছু তৎপরতা দেখিয়ে আবার অন্ধকারে মিলিয়ে যায়। অন্ধকারের এই অপরাধীদের সমূলে বিনাশ করা কঠিন কাজ নিঃসন্দেহে। তাই এই জায়গায় শিথিলতা দেখানোর কোন সুযোগ নেই। সরকার নিশ্চয়ই বিষয়টি উপলব্ধি করে প্রতিরোধের ধারাবাহিক প্রচেষ্টাগুলোকে আরও বেগবান করবেন।

