সু.খবর রিপোর্ট
জেলার ২ উপজেলায় বজ্রপাত ৩ জনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে নিহতরা হলেন- দিরাই উপজেলার আব্দুল মালেক (৬০) এবং বিশ^ম্ভরপুর উপজেলার সেলিম মিয়া (২৭) ও জয়নাল মিয়া (৩৫)।
জানা যায়, শনিবার বেলা ১১টায় জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান নদী থেকে বালু উত্তোলনকালে বজ্রপাতে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের জিনারপুর গ্রামের ফরাজ মিয়া ছেলে সেলিম মিয়া (২৭) ও মাঝেরটেক গ্রামের শিশু মিয়ার ছেলে জয়নাল মিয়া (৩৫) এর মৃত্যু হয়।
সলুকাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন জানান, বেলা ১১টায় ধোপাজান নদী থেকে বালু উত্তোলন করার সময় বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে শনিবার ভোরে দিরাই উপজেলার ছায়ার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আব্দুল মালেক (৬০) নামের এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল মালেক উপজেলার চরনারচর ইউনিয়নের পশ্চিম দৌলতপুর গ্রামের মৃত. আব্দুল লতিফের ছেলে।
জানা যায়, শনিবার ভোর উপজেলার জয়পুর গ্রামের পাশে ছায়ার হাওরে মাছ শিকার করতে যান আব্দুল মালেক (৬০) সহ গ্রামের আরও কয়েকজন। এসময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়, বজ্রপাতে আব্দুল মালেক মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাকে বাড়িতে নিয়ে আসে।
দিরাই থানার ওসি কাজী মুক্তাদির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


