স্টাফ রিপোর্টার
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বৃহস্পতিবার জেলার দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের পাঁচটি গ্রামের ১০০জন বন্যার্ত নারী-পুরুষকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। স্থানীয় ফিরোজপুর, ইসলামপুর, রামপুর, বদরপুর ও পুরান বদরপুর গ্রামের এসব মানুষজন ত্রাণ সহায়তা পেয়েছেন।। প্রত্যেককে পাঁচ কেজি চাল, এক কেজি লবন, আধা কেজি মুসুরের ডাল, আধা লিটার তেল ও একটি করে সাবান দেওয়া হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের হাতে এসব সহায়তা তুলে দেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।
দুপুর ১২টায় এলাকার ইসলামপুর গ্রামে এই সহায়তা বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হেনা আজিজ, প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক খলিল রহমান, স্থানীয় সমাজকর্মী মোজ্জম্মির আলী খান, সুনামগঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি মোহাম্মদ রাজু আহমেদ, সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের দলপ্রধান মো. হায়দার আলী, শিক্ষক কনক চক্রবর্তী, সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি রনজিত দে, সহসভাপতি প্রদীপ পাল ও আশরাফুজ্জামান বাবলু, সাধারণ সম্পাদক শাহজাহান আলম সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব দেব, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক লক্ষী দাস, অর্থ সম্পাদক জাকের আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ত্রাণ পেয়ে ফিরোজপুর গ্রামের রশিদ আলী (৬০) বলেন,‘আমরা বড় কষ্টে আছি। কোনো কামকাজ নাই। ঘরও পাঁচজন মানুষ। একবেলা খাইলে, আরেক বেলা উপাস থাকি। তোমরার চাউল, ডাইল পাইয়া বড় উপকার অইব।’ পাশে থাকা আজিরুন বেগম (৫৫) নামের আরেক নারী বলেন,‘ঘরও বন্যার পানি। আমার কেউ নাই। কামকাজ খরতাম পারি না। কেউ দিলে খাই, না অইলে উপাস থাকি। আজকু ইতা (ত্রাণ) পাইয়া বড় খুশি অইলাম।’
ত্রাণ বিতরণের আগে ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ বলেন ‘আমরা সবাই জানি, প্রথম আলো শুরু থেকেই ভালো কাজের সঙ্গে, মানবিক কাজের সঙ্গে যুক্ত। বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের পাশাপাশি দেশের কল্যাণে নানা সামাজিক কাজে করে যাচ্ছে। এ কারণেই মানুষ প্রথম আলোর প্রতি আমাদের আস্থা। শুধু বন্যা নয়, যে কোনো বিপদ-আপদে প্রথম এভাবে আলো মানুষের পাশে থাকবে-এটাই প্রত্যাশা করি।’


