স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর সংস্কারের জন্য ১৫টি পরিবারকে সহায়তা দিয়েছে ঢাকার রোটারী ক্লাব অব মতিঝিল। গতকাল রোববার বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের হাসনরাজা মিউজিয়াম প্রাঙ্গণে এই সহায়তা বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বসতঘর সংস্কারের জন্য ঢেউটিনসহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয়। প্রতিটি পরিবার এ জন্য ১৫ হাজার টাকার সহায়তা পেয়েছে।
সহায়তা বিতরণকালে সুনামগঞ্জের সমাজকর্মী কবি নাসরীন আবেদীন, সাবেক সাংসদ দেওয়ান শামছুল আবেদীন, ব্যাংক কর্মকর্তা আশরাফ হোসেন, কলেজশিক্ষক মশিউর রহমান, সাংবাদিক দেওয়ান গিয়াস চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সংগঠনের পক্ষ থেকে জেলার সদর ও বিশ্বম্ভরপুর উপজেলায় বন্যার্তদের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
সুনামগঞ্জ পৌর শহরের জলিলপুর গ্রামের বাসিন্দা আলেকা বেগম জানান, তিনদফা বন্যায় তাদের বসতঘরটির ব্যাপক ক্ষতি হয়েছে। এখন পরিবার-পরিজন নিয়ে ক্ষতিগ্রস্ত মতো পরিবেশ নেই। হাত খালি, তাই ঘরের সংস্কার কাজ করাতে পারছেন না। এ অবস্থায় এই সহায়তা তাদের খুব উপকারে আসবে।


