বন্যায় পানির সাথে আসছে বালুও

এমএ রাজ্জাক, তাহিরপুর
তাহিরপুর সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের বিভিন্ন ছড়া দিয়ে ভারী বৃষ্টির সঙ্গে ভারতীয় বালু এসে সীমান্তবর্তী এলাকার অর্ধশতাধিক গ্রাম ও ফসলী জমি চাপা পরার আশংকা দেখা দিয়েছে। টানা কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে নতুন করে সীমান্ত এলাকায় বসতবাড়ি, স্কুল, স্থাপনা, রাস্তাঘাট, পুকুরসহ শত শত একর ফসলি জমি বালুর নিচে চাপা পড়তে দেখা গেছে।
সোমবার সীমান্ত এলাকায় গিয়ে দেখা যায়, ভারতের মেঘালয় পাহাড়ের ছড়া দিয়ে বৃষ্টির পানির ঢলের সঙ্গে নেমে আসা বালুর স্তুপ দেশের অভ্যন্তরে সীমান্তবর্তী কড়ইগড়া গ্রাম থেকে বিরেন্দ্রনগর গ্রাম পর্যন্ত প্রায় অর্ধশতাধিক গ্রামের জমিতে জমা হয়ে সেগুলোর উর্বরতা নষ্ট করছে। পাহাড়ী চড়া দিয়ে বালু আসায় কয়েক হাজার হেক্টর আয়তনের ছোট বড় বেশ কয়েকটি হাওর বালুর স্তুপ পড়ে মরুভূমিতে পরিণত হওয়ার আশংকা করছেন সীমান্তবাসী।
কলাগাঁও এলাকার জঙ্গলবাড়ী গ্রামের আইনুল মড়ল ও রফিকুল ইসলাম জানান,‘ভারী বৃষ্টিপাত হলেই মেঘালয়ের পাহাড়ী ছড়া দিয়ে ঢল নামে এবং ঢলের সঙ্গে বালু আর ছোট বড় পাথর আসে।’
তারা বলেন,‘পাহাড়ি ঢল মোকাবিলা করা আমাদের জীবন সংগ্রামের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে।’
সূত্রে জানায়, ২০০৭ সালে বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের সঙ্গে বালু ও পাথর আসা প্রথম শুরু হয়েছিল। প্রথম দফা এ ঢল দেখে স্থানীয়  
জনসাধারণ, জনপ্রতিনিধিরা ধারণা করেছিলেন চুনাপাথর ও কয়লা খনি সমৃদ্ধ মেঘালয় পাহাড়ের গর্ত থেকে পাথর ও বালু নীচে নেমে আসছে।
চানপুন গ্রামের আনোয়ার হোসেন বলেন,‘এভাবে পাহাড়ী ছড়া দিয়ে মেঘালয় পাহাড় থেকে  বালু আসতে থাকলে কিছুদিনের ভিতরেই সীমান্ত এলাকার মানচিত্র পাল্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’
উত্তর বড়দল ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম বলেন,‘২০০৭ সালের পর ৯ বছর বর্ষায় পাহাড়ি ঢলের সঙ্গে ধারাবাহিক ভাবে বালু ও পাথর আসা অব্যাহত থাকার কারণ নির্ণয় করতে না পেরে সীমান্তবাসীর ফসলী জমি ও বসতভিটা রক্ষা করা এখন কঠিন হয়ে পরেছে। ইতিমধ্যে অনেকেই ঘরবাড়ী সীমান্ত এলাকা থেকে অন্যত্র নিয়ে গেছেন।
লাকমা গ্রামের কামরুল নামে একজন জানান,‘গত ৯ বছরের মধ্যে  কয়েক দফা ঘরের ভিটে উঁচু করেছি। তবু বালু দ্বারা ঘরের ভিটা ভরাট হয়ে যাচ্ছে।’
উপজেলা আওয়ামীলীগ সভাপতি, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন খান বলেন,‘মেঘালয় পাহাড় থেকে বৃষ্টির সঙ্গে বালু ও পাথর আসায় সীমান্তবাসীরা এ ব্যাপারে উদ্বিগ্ন। বালু আসা বন্ধে সরকারকে জরুরী ভিত্তিতে উদ্যোগ নেয়ার আহবান জানান তিনি।’  
তাহিরপুর সীমান্ত এলাকার বালিুর নিচে চাপা পড়া এলাকাগুলো হচ্ছে, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী চাঁনপুর, টিলাপাড়া, নয়াছড়া, পাহাড়তলী, কড়ইগড়া ও রজনীলাইন গ্রাম। ইতিমধ্যে চাঁনপুর থেকে রজনীলইন গ্রাম পর্যন্ত শত শত বসতভিটা কয়েক ফুট বালুর নিচে চাপা পড়েছে এবং বাড়ির আঙিনা, পুকুরও বালুর নিচে চাপা পরেছে। বালুর নিচে চাপা পরা মরে যাচ্ছে গাছ-গাছালি।
সীমান্তবর্তী বাগলী গ্রামের আলী হোসেন জানান,‘পাহাড়ী ছড়া দিয়ে ঢলের সঙ্গে অধিক বালু ও পাথর খন্ডও এসে ফসলী জমি বিনষ্ট হচ্ছে।’
মেঘালয় পাহাড় থেকে সরাসরি মনাইছড়া, কড়ইগড়া, চিত্ত, রাজাই, গারো, চাঁনপুর, বুরুঙ্গা, পাগলা, বড়ছড়া, টেকেরঘাট, লাকমা, লালঘাট, বাঁশতলা, চারাগাঁও, কলাগাঁও, রন্দু, সুন্দরবন, বাগলি, নয়াছড়াসহ ১৮ থেকে ২০টি পাহাড়ি ছড়া দিয়ে বৃষ্টির পানির সঙ্গে বালু এসে বাংলাদেশেরর অভ্যন্তরে প্রবেশ করে থাকে।
সুনামগঞ্জ বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল নাসির উদ্দিন আহমেদ বললেন,‘ভারতীয় মেঘালয় পাহাড়ের ছড়া দিয়ে যে বালু আসে তা ফসল ও বসতবাড়ীর জন্য ক্ষতিকর। তবে বালুর গুণগতমান ভাল। সরকার যদি এই বালুগুলো সীমান্ত এলাকা থেকে সরিয়ে নিয়ে দেশের বিভিন্ন স্থানে ব্যবহার করেন তাহলে একদিকে জমির মালিকের আয় হবে অন্যদিকে ফসলী জমি ও বসতবাড়ী রক্ষা পাবে।’