আকবর হোসেন, জামালগঞ্জ
জামালগঞ্জের কালীপুর নেছারিয়া দাখিল মাদ্রাসার বহিস্কৃত সুপার নূরুল ইসলামের আলমারি থেকে সিল ও কাগজপত্র জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কালীপুর নেছারিয়া দাখিল মাদ্রাসার অফিস রুমের তালা ও আলমারি খুলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের জাল সিলমোহরসহ নানা অবৈধ কাগজ পান। উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিক সিলমোহর ও কাগজ পত্রগুলো জব্দ করেন।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুল্লাহিল শাফি, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী, ভারপ্রাপ্ত মাদ্রাসা সুপার সহ মাদ্রাসা পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ ও এলাকার গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য কালীপুর নেছারিয়া দাখিল মাদ্রাসা সুপার নুরুল ইসলামের অর্থ আত্মসাত ও অসদাচরণের কারণে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন মাদ্রসার সহকারী শিক্ষক শিক্ষিকা ও পরিচালনা কমিটির সভাপতি। অভিযোগের পর ৩ দফা তদন্ত শেষে চলতি মাসের শুরুতে সুপারকে বহিস্কারের সিন্ধান্ত নেয় মাদ্রাসা কর্তৃপক্ষ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা বলেন,‘ দীর্ঘদিন যাবত সাবেক সুপারের কাছে চাবি থাকায় আলমারি তালাবদ্ধ ছিলো। বুধবার সকালে আমার ও মাধ্যমিক কর্মকর্তার উপস্থিতিতে তালা ভেঙ্গে সেখানে উপজেলা নির্বাহী অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার সহ বিভিন্ন কর্মকর্তাদের জাল সিল পাওয়া গেলে সেগুলো জব্দ করে নিয়ে আসি। এই ব্যাপারে আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’


