বিন্দু তালুকদার
গত বছর হাওরের বাঁধ ভেঙ্গে বোরো ফসলহানি ঘটনায় বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠায় চলতি বছরের বাঁধ নির্মাণ প্রকল্প শুরুর আগে গত বছরের পিআইসির কাজের পোস্ট-ওয়ার্ক (জরিপ কাজ) চলছে। জরিপ কাজ যৌথভাবে শুরু করেছে দুদক ও পাউবো।
তবে দুদকের টিম ঠিকাদারের (গত বছরের প্যাকেজ) কাজ জরিপ করছেন না বলে জানিয়েছেন সুনামগঞ্জ পাউবোর পওর বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক ভুঁইয়া।
সুনামগঞ্জ পাউবো সূত্রে জানা যায়, পাউবোর পওর বিভাগ-১ এর অধীনে সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ তাহিরপুর ও ধর্মপাশা উপজেলার হাওরগুলোতে দুদক ও পাউবোর ১২টি টিম কাজ করবে। ওই ১২টি টিম বিভিন্ন হাওরের মোট ৩৭২৯ টি বাঁধের জায়গা জরিপ করবেন।
সুনামগঞ্জ সদর
উপজেলার ৩২৫টি জায়গা জরিপ করা হবে ৮ দিন, বিশ্বম্ভরপুরের ৫৩০টি জায়গায় জরিপ চলবে ১৩ দিন, তাহিরপুরের ৮০০টি জায়গা জরিপ হবে ১৪দিন, জামালগঞ্জের ৭২৮টি ও ধর্মপাশা উপজেলার ১৩৪৬টি জায়গা ১৬দিন জরিপ করা হবে।
গত রবিবার থেকে পাউবোর পওর বিভাগ-১ এর অধীনে সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ তাহিরপুর ও ধর্মপাশা উপজেলার হাওরগুলোর বাঁধে একসাথে জরিপ কাজ শুরু করা হয়।
রবিবার দুদক ও পাউবোর জরিপ দল রবিবার সুনামগঞ্জ সদর উপজেলার কাংলার হাওর, সোমবার বিশ্বম্ভরপুর উপজেলায় আংগুরালী হাওরে জরিপ কাজ করেন। আজ মঙ্গলবার তাহিরপুরের মাটিয়ান হাওরে জরিপ কাজ করা হবে।
রবিবার ও সোমবার উপস্থিত ছিলেন দুদক টিমের পরিচালক মো. আব্দুর রহিম, সহকারী পরিচালক সেলিনা মনি, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস, উপ-সহকারী প্রকৌশলী মো. মনসুর আলী, কার্য সহকারী মো. আল আমিন, সার্ভেয়ার মো. সোহানুর রহমান ও পরামর্শদাতা প্রতিষ্ঠান ও ভূমি সার্ভে টিমের সদস্যবৃন্দ।
সুনামগঞ্জ পাউবোর পওর বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক ভুঁইয়া বলেন,‘ হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের পূর্বের কাজ হিসেবে জরিপ কাজ শুরু হয়েছে। গত দুইদিন সদর ও বিশ্বম্ভরপুর উপজেলায় জরিপ হয়েছে। পর্যায়ক্রমে সবগুলোর জরিপ হবে। তবে দুদক শুধুমাত্র পিআইসি কর্তৃক নির্মিত বাঁধের জরিপ করছেন। দুদক গত বছরের প্যাকেজের (ঠিকাদারের করা) কাজ জরিপ করছে না।’
দুদক টিমের প্রধান দুদক কেন্দ্রীয় কার্যালয়ের পরিচালক মো. আব্দুর রহিম বলেন, ‘বাঁেধর জরিপ কাজ করছে একটি ফার্ম। আমরা উপস্থিত থেকে তা পর্যবেক্ষণ করছি। আপাতত পিআইসির কাজগুলোই জরিপ হচ্ছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা পিআইসির কাজগুলো জরিপ করছি। কর্তৃপক্ষ চাইলে প্যাকেজের কাজগুলোও জরিপ করা হবে।’
- নবান্ন উৎসবে পিঠেপুলির ধুম
- দিরাইয়ে স্কুলছাত্রী মুন্নীর- খুনের ঘটনায় গ্রেপ্তার ১ ২ জনকে আসামী করে মামলা


