বাঁধে অবহেলার প্রমাণ পেলে ছাড় নয় -পীর মিসবাহ

স্টাফ রিপোর্টার
সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, ‘সুনামগঞ্জের কৃষকদের সারাবছরের স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে। এবার তারা বোরো ফসলে যে বাম্পার ফলনের স্বপ্ন দেখেছিলেন তা বন্যার পানির জলে ভেসে গেছে। এর সাথে ভেসে গেছে তাদের সারা বছরের স্বপ্নসাধ। কৃষকদের এ দুরবস্থা সৃষ্টিতে যদি সংস্থা বা কারো কোন অবহেলার প্রমাণ পাওয়া যায় তাহলে তাদেরকে ছাড় দেওয়া হবে না। হাওর রক্ষা বাঁধে যদি কোন দুর্নীতি-অনিয়ম হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ এ ব্যাপারে তিনি সরকারের সংশ্লিষ্ট বিভাগকে তদন্তের আহবান জানিয়েছেন।
বুধবার সদর
উপজেলার মোহনপুর ইউনিয়নের জোয়ালভাঙ্গা ও ডাউক্কা হাওর এলাকার কৃষকদের দুরবস্থা স্বচক্ষে পরিদর্শন শেষে বর্মাউত্তর ও পৈন্দা এলাকায় কৃষক ও এলাকাবাসীর উদ্দেশ্যে পৃথক পথসভায় এসব কথা বলেন।
তিনি অকাল বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের পুনর্বাসন, সুদমুক্ত ঋণের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আনুষ্ঠানিক দাবি জানানোরও আশ্বাস দেন হাওরপাড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের।  
পথসভায় উপস্থিত ছিলেন স্থানীয় মুরুব্বী নওশাদ আলী, নিরঞ্জন আচার্য্য, সুনামগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জাপা নেতা মনির উদ্দিন, জাপা নেতা হাজী হেলাল, সৈয়দ মনোয়ার, জাপা নেতা আমিরুল ইসলাম, মণিমোহন দাস, মোত্তাকিন প্রমূখ ব্যক্তিবর্গ।