বাঁধ ভাঙা আনন্দ

সজীব দে
সরকারী সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে কখনো কবিতা, কখনো সুরের ধারা সবখানেই সতীশিয়ানদের পুরনো দিনের স্মৃতিকথা। তাই মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলেন সামনে উপবিষ্ট সতীশিয়ানরাও। গান কবিতার ফাঁকে ফাঁকে চন্দ্রালোকের বালিকারা স্মৃতিচারণ করেন পুরনো স্মৃতিকথা, মণিকোঠায় সঞ্চিত জীবনে সেই অক্ষয় মুহূর্তগুলো। সতীশিয়ানদের কন্ঠে ‘সেই দিনগুলি কোথায় হারিয়ে গেল, সেই মধুময় স্মৃতিগুলো কি আর ফিরে পাওয়া যাবে না’, ‘আমরা তাকদুম তাকদুম বাজাই সতীশ চন্দ্রের ঢোল’, ‘আমরা সতীশ চন্দ্রের বালিকা, আমরা চন্দ্রলোকের বালিকা’ ।
এরপর সতীশিয়ানরা একে একে গাইলেন ‘জলের ঘাটে দেইখ্যা আইলাম কি সুন্দরও শ্যামরায়’, ‘কোন মেস্তোরি নাও বানাইলো’, ‘জলে গিয়া ছিলাম সই’, এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, বড় আশা করে এসেছি গো, আমারও পরানও যাহা চায়, সূর্যোদয়ে তুমি সূর্যাস্তে তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ‘আনন্দলোকে মঙ্গলালোক’, ‘জন্মভূমিতে আমরা কৃতার্থ, মিলেছি একঝাঁক সতীর্থ’, তোমারই পরশে জীবন আমার ধন্য হলো, ‘তুমি যে আমার চির আশার আলো’।  
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য্য, যতীন্দ্র মোহন বাগচী, রাধারমণ, হাসনরাজা, শাহ আব্দুর করিমসহ অসংখ্য কবি ও মরমী কবিদের জনপ্রিয় সব কবিতা, গান, নৃত্য  থেকে সতীশিয়ানদের স্বরচিত কবিতায় মুখর হয়ে উঠেছিল উৎসব প্রাঙ্গণ।
সরকারী সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদালয়ের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে ১৯৪০ থেকে ৯৭ সাল পর্যন্ত ব্যাচ এবং সিলেট থেকে আসা ছাত্রীদের শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। ৪০ ব্যাচ হতে শুরু করে হালের নবীন শিক্ষার্থীদের পরিবেশনায় মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠান স্থল। গানের তালে তালে নেচে উঠেছেন সকলেই।