ধর্মপাশা প্রতিনিধি
বাদশাগঞ্জ পাবলিক হাই স্কুল জাতীয়করণ বাধাগ্রস্ত করতে জনতা মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃক দায়েরকৃত রিট প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সেলবরষ ও পাইকুরাটি ইউনিয়নের সমন্বনে গঠিত প্রতিবাদ কমিটির আয়োজনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বাদশাগঞ্জ বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ জুলাই ২০১৭ সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে বাদশাগঞ্জ পাবলিক হাই স্কুল জাতীয়করণের ওপর রিটে দাখিল করেন জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. আব্দুল মন্নাফ। এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় জনপ্রতিনিধি, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, ওই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন সেলবরষ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্রতিবাদ কমিটির সভাপতি নুর হোসেন, পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, বাদশাগঞ্জ পাবলিক হাই স্কুলের ব্যবস্থাপনা কমিটির সদস্য খায়রুল বসর ঠাকুর খান ও সেলবরষ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আমজাদ প্রমুখ।
রিট আবেদনকারি মো. আব্দুল মন্নাফ জানান, সরকারের ঘোষণা অনুযায়ী উপজেলা পর্যায়ে মডেল উচ্চ বিদ্যালয় জাতীয়করণ হওয়ার কথা। সে অনুযায়ী জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের যাবতীয় কর্যক্রম সম্পন্ন হয়েছিল। কিন্তু পরবর্তীতে জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের নাম জাতীয়করণ থেকে বাদ পড়ে। আমরা জাতীয়করণ থেকে বাদ পড়ার কারণে আদালতে রিট করেছি। আমরা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে রিট করিনি।


