মাদক ও তীর খেলা বন্ধের দাবি

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে মাদক ও ভারতীয় তীর খেলাসহ চুরি, ডাকাতি, ছিনতাই রোধ করার জন্য পুলিশের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসী। বুধবার বিকেল চারটায় জগন্নাথপুর থানার উদ্যোগে থানা প্রাঙ্গণে আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে এ দাবি জানানো হয়। জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় বলেন, ‘জগন্নাথপুরে ভারতীয় তীর খেলার নামে জুয়া চলছে। এতে শিক্ষার্থীসহ যুব সমাজ আক্রান্ত হয়ে পড়ছে। তিনি দ্রুত জুয়া খেলা বন্ধ করার দাবি জানান।’
জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, ‘সম্প্রতিকালে নৌকা ও গরু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। তিনি এ সব অপরাধ দমনে পুলিশকে এগিয়ে আসার অনুরোধ জানান।’  
সাংবাদিক অমিত দেব বলেন, ‘হাওরাঞ্চলে জলদস্যুর উৎখাত বেড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ওই সব অঞ্চলে পুলিশী টহল জোরদার করতে হবে।’
সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বাক্ষ্রনগাও গ্রামের বাসিন্দা বাবুল আহমদ বলেন, ‘তাদের গ্রামের ভুয়া মাজার তৈরি করে মদ গাঁজাসহ অসামাজিক কার্যক্রম চালানো হচ্ছে। এসব নৈতিক কার্যকলাপ বন্ধ করতে হবে।’
চিলাউড়া গ্রামের রাজা মিয়া তাদের গ্রামে জুয়া খেলার আসর বন্ধের জন্য পুলিশের নিকট দাবি জানান।  
পৌর কাউন্সিলর     দেলোয়ার হোসাইন বলেন, সাধারন জনসাধারনের সেবা নিশ্চিত করার জন্য দায়িত্বরত পুলিশের ব্যবহার যেন বন্ধু সুলভ হয়।  
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, পুলিশ সুপার বরকতুল্লাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ, সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার সদর  তাপস কুমার ঘোষ, জগন্নাথপুরের সার্কেল মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, জগন্নাথপুর থানার অফিসাস ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরীসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।