বাদাঘাট (দক্ষিণ) ও নরসিংপুর ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

স্টাফ রিপোর্টার
জেলার বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট (দ.) ইউপি চেয়ারম্যান এরশাদ আহমদ ও দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান নূর উদ্দিন শপথগ্রহণ করেছেন। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। জেলা পর্যায়ে একটি কর্মশালার অনুষ্ঠানের ফাঁকে দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবেরা আক্তার, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান,  
দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক ও বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
উল্লেখ্য, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে একেএম আইবুর রহমান রহমানী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছিলেন। নির্বাচনের কয়েক দিন পরই তার মৃত্যু হয়। এরপর এই ইউপিতে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। উপ নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী হন নূর উদ্দিন। এদিকে বাদাঘাট (দ.) ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী  আব্দুল গনি ও জাপার দলীয় প্রার্থী এরশাদ আহমদ সমান ভোট হওয়ায় পুনরায় এই ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জাপার প্রার্থী এরশাদ আহমদ বিজয়ী হন।