বার্তা

-হিরন্ময় রায়

বিভাজনে পিষ্ট মানবতা, তোমাদের রক্তের দামে-
সেদিন পায় মুক্তির বার্তা।
সে এক অপূর্ব মিলন মোহনা,
যেখানে টুপি-শ্মশ্রু, তিলক কন্ঠ এক হয়-
যেখানে মানুষ মানুষে ব্যবধান খোঁজে না।
সেখানে শতপথ মিলে এক রাজপথ হয়
সেখানে মায়ের ভাষা- বাংলা ভাষা।
ব্যবধান হারানো মুষ্টিবদ্ধ হাত,
কাঁপে রাজপথ উন্মাতাল পদভারে
ত্রাসিত শাসকের মসনদ, লাখো বাঙালীর হুংকারে।
মায়ের মুখের ভাষার তরে, সেদিন কোন আপোষ নাই লাখো দামালের বজ্রনিনাদ-“রাষ্ট্র ভাষা বাংলা চাই”
খুনির বুলেট কম পড়ে যায়, সে এক ভীষন মিছিল
যায় যাক প্রাণ, কি আসে যায়-
থামেনি সেই ক্ষুব্ধ মিছিল
সেই যে তোমরা শিখিয়েছিলে, রক্ত দিয়ে যায় কেনা।
সেই থেকে শুরু, সেই পথে মোরা
প্রাণের মূল্যে কিনেছি বাংলা।