বাল্যবিয়েতে বিজ্ঞজনের সহযোগিতা দুঃখজনক

সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসারকে বিশেষভাবে ধন্যবাদ দিতে হয় এ কারণে যে, তিনি একটি বাল্যবিয়ের সাথে জড়িত সকলকে খুঁজে বের করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়েছেন। জয়নগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে হয়েছে এমন খবর পেয়ে মঙ্গলবার তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু এলাকার লোকজন তথ্য দিয়ে সহায়তা না করে বরং তাঁকে বিভ্রান্ত করেছে এ ধরনের কিছু হয় নি বলে। কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের মনের সন্দেহ ঠিকই থেকে যায়। খোঁজ-খবর নিতে থাকেন নিজের মতো করে। নিশ্চিত হয়ে পরদিন আবারও যান ঘটনাস্থলে। এবার প্রমাণ পেয়ে যান। তিনি দেখতে পান বাল্যবিয়েটি হয়েছে নোটারি পাবলিক দ্বারা এফিডেভিটের মাধ্যমে। একে তো বাল্যবিয়ে তদুপরি এফিডেভিট বিয়ের কোন বৈধ প্রক্রিয়া নয়। সুতরাং অবৈধ বাল্যবিয়েজনিত অপরাধের কারণে বরকে ১৫ দিনের কারাদ-, কনের মাকে ১ হাজার টাকা অর্থদ- করে কনেকে মায়ের হেফাজতে দিয়ে আসেন তিনি। ঘটনার শেষ এখানেই নয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধ বাল্যবিয়ের এফিডেভিট সম্পাদনে জড়িত দুই আইনজীবীকে সতর্ক করে দিয়েছেন। পুরো প্রক্রিয়াটি আমাদেরকে চমৎকৃত ও আনন্দিত করেছে এ কারণে যে একজন প্রশাসনিক কর্মকর্তা একটি বাল্যবিয়ে ঠেকানোর জন্য শেষ পর্যন্ত তৎপরতা চালিয়ে গেছেন।
বাল্যবিয়ে নামক সামাজিক অপরাধপ্রবণতাটি বন্ধ করতে ব্যাপক সামাজিক অংশগ্রহণ প্রয়োজন। শুধু আইন প্রয়োগের মধ্য দিয়ে ভয়াবহ এই সামাজিক ব্যাধি দূর করা কিছুতেই সম্ভব হবে না। অভিভাবকদের অসচেতনতা একটি বড় কারণ। নতুবা নবম শ্রেণিতে পড়–য়া এক মেয়ের শিক্ষাজীবন শেষ হওয়ার আগেই তাঁকে বিয়ের যন্ত্রণায় নিক্ষেপ করা কোন মা’র পক্ষে সমীচীন ছিলো না। অভিভাবকদের এই অসেচতনায় যদি সমাজের তথাকথিত শিক্ষিত অংশের ইন্ধন যুক্ত হয় তখন সেই সমস্যা জগদ্দল পাথরের মতো ভারী হতে বাধ্য। এই ঘটনায় আমরা দুই আইনজীবীর সংশ্লিষ্টতার খবর জেনেছি। দুই আইনজীবী ভাল করেই জানেন, বাল্যবিয়ে দেশের প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। আর এফিডেভিট বিয়ের কোন বৈধ প্রক্রিয়া নয়। এরকমটি জেনেও তাঁরা একটি বাল্যবিয়েকে সহায়তা করেছেন, এটি দুর্ভাগ্যজনক। আইনজীবী নেতৃবৃন্দকে বিষয়টি সম্পর্কে সচেতন হতে হবে।
জেলার সকল ইউনিয়ন, উপজেলা ও জেলা ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে বাল্যবিয়ে মুক্ত হিসেবে ঘোষিত হয়েছে। শিক্ষার্থী-অভিভাবকরা শপথ নিয়েছেন ক্ষতিকর এই অনুষঙ্গকে সমাজ থেকে ঝেটিয়ে বিদায় করার। পাশাপাশি আইনি প্রক্রিয়াগুলোও সমানতালে চালু রয়েছে। আমরা আশাবাদী একটা সময়ে অভিভাবকরা ঠিকই এর কুফল অনুধাবন করে নিজেরাই এই প্রক্রিয়া থেকে সরে আসবেন। তবে সামাজিক নেতৃবৃন্দ ও সমাজের সচেতন তথা শিক্ষিত অংশকে ব্যাপক দায়িত্ব নিতে হবে। যেখানেই বাল্যবিয়ে সেখানেই প্রতিরোধ এই মনোভাব নিয়ে সামাজিক নেতৃত্ববলয়গুলো যদি ক্রিয়াশীল থাকে তাহলে ফলাফল পাওয়া দ্রুততর হবে। আর শর্ষের ভিতরে ভূত লুকিয়ে থাকলে দুর্ভাগ্য আমাদের পিছু ছাড়বে না। দারিদ্রতা, অশিক্ষা, অসচেতনতা, অন্ধবিশ্বাস, কুসংস্কার এমনসব বিষয়াদি দূরিভূত হওয়াটাও বাল্যবিয়ে মুক্তির মৌলিক চাহিদা। এগুলো হবে আস্তে আস্তে। কারণ আমরা মধ্যম আয়ের লক্ষে এগুচ্ছি, উদ্দেশ্য উচ্চ আয়ের স্তরে পৌঁছানো। এগুলো অর্জিত হলে সব কিছুরই উন্নতি ঘটবে। তবে ততদিন পর্যন্ত সদর উপজেলার নির্বাহী অফিসারের মতোই আমাদের সদাসর্বদা সজাগ ও আন্তরিক থাকতে হবে। আমরা আশা করি বুধবার তিনি ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে যে বার্তাটি দেওয়ার চেষ্টা করেছেন তা সংশ্লিষ্টদের মর্মে প্রবীষ্ট হবে।