ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশায় সহপাঠীর বাল্যবিয়ে বন্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২৭ জন ছাত্রীকে সম্মাননা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুরে উপজেলার মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয় সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সদস্য জহিরুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত ইউএনও সহকারি কমিশনার (ভূমি) মো. ইয়াছিন কবির। অনুষ্ঠানে বক্তব্য দেন, মধ্যনগর ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, মধ্যনগর বিপি হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম, প্রথম আলো প্রতিনিধি সাংবাদিক সালেহ আহমদ, নবম শ্রেণির ছাত্রী হরিপ্রিয়া সেন। অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আমাদের সময় প্রতিনিধি সাংবাদিক সাজিদুল হক সাজু, সুনামকণ্ঠ প্রতিনিধি সাংবাদিক চয়নকান্তি দাস, সুনামগঞ্জের ডাক প্রতিনিধি সাংবাদিক এমএমএ রেজা পহেল প্রমুখ। উল্লেখ্য, গত ২১ নভেম্বর ওই বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু বাল্যবিয়ের
খবর শুনে তার সহপাঠী হরিপ্রিয়া সেনের নেতৃত্বে অন্য সহপাঠীরা বিষয়টি মধ্যনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদারকে অবগত করে। পরে ওইদিন বিকেলে সহপাঠীরা বিয়ে বাড়িতে যায় এবং ছাত্রীর মা বাবাকে অনুরোধ করার ফলে এ বিয়ে বন্ধ হয়।
মধ্যনগর ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় জানান, স্কুল ছাত্রীদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। যে ছাত্রীটির বিয়ে হওয়ার কথা ছিল সে অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। ওই ছাত্রীর পড়াশোনার জন্য ভবিষ্যতের সকল খরচ বহন করবেন বলে জানান তিনি।
- জুবিলী ও এস.সি বালিকা বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগামী ৩০ ডিসেম্বর
- ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন রক্ষায় বাঁশের খুঁটি


