সবগুলো উপজেলাকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণার পর জেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণার উদ্যোগ নিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসন। জেলার এই অনুষ্ঠানটিকে বর্ণাঢ্য, আকর্ষণীয় ও ফলপ্রসু করার জন্য বিশেষ কিছু উদ্যোগের বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে আভাষ পাওয়া গেছে। ১৬ ডিসেম্বরের পর জেলায় আয়োজিত এই অনুষ্ঠানে র্যালি, সমাবেশ, বর্ণাঢ্য ফেস্টুন প্রদর্শন এমনসব আয়োজনের সাথে জেলার সকল মাধ্যমিক, নি¤œ মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলিজিয়েট স্কুলে এক যুগে ‘বাল্য বিয়েকে না বলুন’ বক্তব্যসম্বলিত রেডকার্ড প্রদর্শনের ব্যতিক্রমী কর্মসূচী হাতে নেয়া হয়েছে। ওইদিন সারা জেলায় এক যুগে লক্ষাধিক তরুণ-তরুণী রেডকার্ড উঁচিয়ে বাল্যবিয়ের বিরুদ্ধে শপথ গ্রহণ করবে। রেডকার্ড প্রদর্শনের ব্যতিক্রমী বিষয়টিকে গিনেজ রেকর্ড বুক অব ওয়ার্ল্ডে অন্তর্ভূক্তকরণের লক্ষ্যে কাজ শুরু করা হয়েছে বলেও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে বাল্য বিয়ের মতো একটি খারাপ অনুষঙ্গকে ঝেটিয়ে বিদায় করার জন্য জেলা প্রশাসনের এই উদ্যোগ সফল হোক এই কামনা করি আমরা।
ঘটা করে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বাল্য বিয়ে মুক্ত ঘোষণার পরও প্রায়শই বাল্য বিয়ের খবর পাওয়া যায়। বাল্য বিয়ের আয়োজনকে প- করে দেয়ার প্রশাসনিক সফলতার খবরও সচরাচরই প্রকাশিত হচ্ছে। ঘোষণা দেয়ার মাধ্যমে দীর্ঘদিনের এই সামাজিক রোগটিকে যে বিদায় দেয়া সম্ভব নয় এটি সকলের জানা। ঘোষণার বিষয়টি নিতান্তই প্রতীকী এবং এর মাধ্যমে বাল্য বিয়েকে প্রতিরোধ করার সংকল্প ব্যক্ত করার পাশাপাশি জনসাধারণকে উদ্বুদ্ধ করার প্রয়াস চালানো হয়। সুতরাং এই উদ্বুদ্ধকরণ বিষয়ে জেলা প্রশাসনের উদ্যোগটি যে বিশেষ কার্যকরী হবে তা বলার অপেক্ষা রাখে না। তাই আমরা আয়োজনটির তৃণমূলে ব্যাপক বিস্তৃতি কামনা করছি।
সরকার সম্প্রতি যে বাল্য বিয়ে নিরোধ আইন পাসের চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করেছেন তাতে বিশেষ একটি অংশের প্রতি নারী অধিকার সংরক্ষণকারীরা আপত্তি জানিয়েছেন। আইনের ওই অংশে বিশেষ অবস্থায় ১৮ বছরের কম বয়সী কন্যা সন্তানের বিয়ের বৈধতা দান করা হয়েছে। আইনে যদিও এই বিশেষ ব্যবস্থাটিকে কতিপয় শর্তাধীনে রাখার ব্যবস্থা করা হবে, তদুপরি নারী নেতৃবৃন্দ আশঙ্কা করছেন ওই ফাঁক দিয়েই বাল্য বিয়ে ব্যপকতা লাভ করবে। আমরাও আইনের এই বিশেষ শিথিলতার বিষয়টিকে বাস্তব অবস্থার আলোকে গ্রহণীয় নয় বলে মনে করি। কারণ ১৮ বছরের নীচে মেয়েদের বিয়ে দেয়া নিষিদ্ধ থাকা সত্বেও এখন যেখানে এই কুপ্রবণাটিকে আটকাতে বিশেষ বেগ পেতে হচ্ছে তখন আইনের বিশেষ ব্যবস্থাটি বাল্য বিয়ের ঢলকেই বেগবান করবে মাত্র। তাই চূড়ান্ত আইনে যাতে এই ধারাটি বাতিল করা হয় সে জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
বাল্য বিয়ে মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য দারিদ্রতা ও শিক্ষা বিষয়ে কাজ করতে হবে বেশি। দারিদ্রতা দূর ও শিক্ষার হার বাড়ার সাথে বাল্য বিয়ে মুক্ত হওয়ার সম্পর্ক বিশেষভাবে সম্পৃক্ত। মূলত সমাজের কোন সমস্যাই একক উদ্যোগবলে কমানো সম্ভব নয়। তাই বাল্য বিয়েকে আমরা একক সমস্যা হিসেবে না দেখে বরং সমাজে বিরাজিত পুঞ্জিভূত সমস্যাগুলির সাথে এক করে দেখতে আগ্রহী। মূল সমস্যাটির সমাধান হলে অপরাপর অনুষঙ্গগুলো এমনিতেই দূর হবে। তাই দারিদ্রতা দূরিকরণ ও শিক্ষার বিস্তারে অধিক মনোযোগ কামনা করি আমরা। বিচ্ছিন্নভাবে এক একটি সমস্যা নিয়ে কাজ করলে সম্পদ ও সামর্থের অপচয় ঘটবে মাত্র। নীতিনির্ধারণী পর্যায়ে বিষয়টি বুঝা উচিৎ। জেলা প্রশাসন সচেতনতা বাড়ানোর যে উদ্যোগ গ্রহণ করেছেন সেটি ওই লক্ষ্যেই পরিচালিত হোক এই আমাদের কামনা।

