আসাদ মনি
দূরপাল্লার বাসগুলো সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশনে এসে যাত্রী নামানোর পর গাড়িগুলো হেলপাররা চালিয়ে নতুন বাসস্টেশনে নিয়ে যায়। আবার রাতে যাত্রী ওঠানোর সময় গাড়িগুলো পুরাতন বাসস্টেশন বা শহরতলির ওয়েজখালী থেকে হেলপাররা শহরের পুরাতন বাসস্টেশনে নিয়ে আসেন। এটি বহুদিন ধরেই চলছে। হেলপার কর্তৃক স্বল্প দূরত্বে এভাবে গাড়ি চালানোয় প্রায়ই গাড়িগুলো দুর্ঘটনার শিকার হয়। রোববার ভোরে একটি গাড়ি (কর্ণফুলি এক্সপ্রেস- ঢাকা মেট্রো ব-১৫-৫৬১৩) নিয়ন্ত্রণ হারিয়ে মল্লিকপুর এলজিইডি অফিসের গেইট গুড়িয়ে দিয়ে খাদে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭ টায় পুরাতন বাসস্টেশনে যাত্রী নামিয়ে ঢাকা থেকে সুনামগঞ্জে আসা কর্ণফুলি এক্সপ্রেস’এর চালক নেমে যান। যাত্রী নামা শেষে বাসের হেলপার বাসটি নতুন বাসস্টেশনে নিয়ে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এলজিইডি’র গেইট গুড়িয়ে দেয়। এসময় বাসের চালকের আসনে বসা হেলপার পালিয়ে যায়।
এলজিইডি’র নৈশ প্রহরি সেকেন্দার আলী বলেন, সকালে গেইট লাগানোর জন্য যাচ্ছিলাম। দেখি একটি বাস একে বেঁকে আসছে। এসময় দ্রুত গেইটের পাশ থেকে সরে আসি। দেখতে দেখতে বাসটি গেইট গুড়িয়ে দেয়।
শহরের শহীদ আবুল হোসেন রোডের বাসিন্দা শিক্ষার্থী সুকান্ত দত্ত বলেন, গত শুক্রবার সন্ধ্যা ৭ টায় কর্ণফুলি এক্সপ্রেস এভাবে এক কিশোর চালিয়ে আসছিল। বাসটি বেপরোয়া চালাতে দেখে বিজিবি ক্যাম্পের সামনে আমরা কয়েকজন এগিয়ে গিয়ে গাড়ি আটকাই। তাকে চালক কি-না জিজ্ঞেস করলে, সে চালক নয় স্বীকার করে বললোÑ সে চালকের সহকারী। পরে ক্ষমা চাওয়ায় আমরা ছেড়ে দেই।
এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম বলেন, গাড়িটি আটক করা হয়েছে। সুনামগঞ্জ সদর থানায় এ ব্যাপারে জিডি করা হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুর রহমান বলেন, সকালে ওই বাসটি আটক করা হয়েছে। চালক ছাড়া এভাবে যাতে আর গাড়ি চালানো হয় না সেই ব্যবস্থা করবো আমরা।


