বাড়ির কাছে আরশি নগর

কুমার সৌরভ
পথের চক্কর      
নতুন জায়গায় পথের চক্কর কাকে বলে ভুক্তভোগী ছাড়া সেটি আর কেউ বুঝতে পারবেন না। এই অধম যখন সুনামগঞ্জ থেকে গোপালগঞ্জ উপজেলার কোটালিপাড়া যাওয়ার সংকল্প নিয়ে শহর ছাড়েন তখন মনের মধ্যে একধরনের রোমাঞ্চ কাজ করলেও শ্যামলীর গাড়ি যখন তাকে রাত চারটায় ঢাকার যাত্রাবাড়ি ওভারব্রিজের উপর নামিয়ে দিল তখন রোমাঞ্চ কিছুটা ভয়মিশ্রিত শিহরণে পরিণত হয়। অভাজনের এবারের গন্তব্য মাওয়া ফেরিঘাট অব্ধি। যাত্রাবাড়ি ওভারব্রিজে এই শেষ রাতে লোকজনের কমতি নেই। পূর্বাঞ্চলের নানা গাড়ি এসে থামে এখানে। গাড়ির পেট থেকে নেমে আসছেন পুরুষ-মহিলা, বাচ্চা-বৃদ্ধ, তরুণ-তরুণী; নানা বয়সের লোকজন। এই যাত্রাবাড়ি যেন পুরো বাংলাদেশের এক সচল প্রতিরূপ। মাওয়া ফেরিঘাট পর্যন্ত যেসব বাস চলে সেই স্টেশনে গেলাম। এই শেষ রাতে সবগুলো কাউন্টার বন্ধ। জানলাম ভোর ৬ টার আগে কোন গাড়ি নেই। সুতরাং অপেক্ষা। অপেক্ষা মানে সময় না কাটার যন্ত্রণা। ফুটপাতের দোকানে দাঁড়িয়ে চা খেলাম, টোস্ট বিস্কুট খেলাম। পায়চারী করলাম ফুটপাতের উপর। ফুটপাতের উপর জবুথবু শুয়ে থাকা কিছু শ্রমজীবি বা ভবঘুরে মানুষের পাশেই নিশ্চিন্তে শুয়ে আছে এক দু’টি বেওয়ারিশ কুকুর। এই ফুটপাথে শুয়ে থাকা আদমসন্তান ও কুকুরগুলোর মাঝে কোন ভেদ নেই। সিটি কর্পোরেশনের এই ফুটপাথে যেন বুদ্ধিমান ও বুদ্ধিহীন দুই প্রজাতির প্রাণিরই সমান অধিকার। এমন অনভিপ্রেত সাম্যাবস্থা রাজধানী তথা দেশটির অসম উন্নয়নের প্রতীকের মতো মনে হলো আমার কাছে। এই শুয়ে থাকার প্রাণিকূলের পাশ দিয়েও পায়চারী করলাম কিছুক্ষণ।  নিরিবিলি জায়গায় যাচ্ছি না ভয়ে। কখন কোথায় কোন ফাঁকে আটকে যাই, ভয় মনে। মধ্য ডিসেম্বরের রাত হলেও শীতের তীব্রতা তেমন নেই। রাজধানী ঢাকা শহরে নাকি এমনিতেই শীতের প্রকোপ কম। এই মহানগরীতে কোটির উপরে জনসংখ্যা, অসংখ্য আকাশচুম্বী অট্টালিকা, মিল-ফ্যাক্টরি, যানবাহন ইত্যাদি নিয়ে কিম্ভুতকিমাকার রাজধানী ঢাকা সর্বদাই উত্তপ্ত ও জাগ্রত থাকে। রাউন্ড দ্য ক্লক ২৪ ঘণ্টা। এই শহরে নাকি সূর্যালোক বহু বাধার আস্তরণ পেরিয়ে তবে আসতে পারে। এখানে বাতাসে শিশা, রাসায়নিক আর জ্বালানীর বিদঘুটে গন্ধ। যাই হোক অবশেষে ভোর হলো। সকাল ৬টা বাজল। টিকেট কেটে আমিও গাড়িতে উঠলাম। ঠিক এক ঘণ্টার  মাথায় মাওয়া ফেরিঘাট স্ট্যান্ডে গাড়ি এসে থামল। বিশাল কর্মযজ্ঞ পুরো ঘাটজুরে। হাঁকডাক, শোরগোল, ছুটোছুটি…। কারো দিকে কারো তাকাবার সময় নেই। সবার উদ্দেশ্য কত তাড়াতাড়ি পদ্মা পাড়ি দেওয়া যায়। বাংলাদেশকে এখনও বিচ্ছিন্ন করে রেখেছে পদ্মা নদী। পদ্মা ছাড়া পুরো বাংলাদেশ এক সুতোয় গাঁথা। সরকার এবার পদ্মাকে এক সুতোয় বাঁধার আয়োজন করছেন। তারই লক্ষণ সর্বত্র। সরকার চাইছেন বাংলাদেশের যেকোন অঞ্চল থেকে অন্য যেকোন গন্তব্যে যাতে যানবাহন বদল না করেই যাতায়াত করা যায়। এছাড়া পদ্মার ওপাড়ে বাংলাদেশের বৃহৎ যে দক্ষিণ ও উত্তর অংশ সেখানকার উৎপাদন ও অর্থনীতি, মানুষের জীবন ও সংস্কৃতিতে ঘটবে উল্লেখযোগ্য পরিবর্তন। মূলধারার সাথে সরাসরি যুক্ত হবে বৃহৎ ওই অঞ্চলের মানুষ।  বিশাল বিশাল স্থাপনা পদ্মাসেতু নির্মাণ প্রকল্পের। বড় বড় যন্ত্রপাতি, সিমেন্ট, রড, বালু, পাথরের স্তূপ এখানে-ওখানে। বড় বড় শেড। পদ্মাসেতু এখনও দৃশ্যমান হয় নি। পানির নীচে কাজ চলছে। চলছে নদী শাসনের কাজ। চলছে এপ্রোচ রোডের কাজ। কিন্তু পানির নীচ থেকে যতক্ষণ সেতুর কাঠামো দৃশ্যমান না হয় ততক্ষণ মানুষের মনে প্রশ্ন থেকে যায় অনেক। সরকার মানুষের এই মনোভাব বুঝতে পেরে কাজের গতি বাড়িয়ে দিয়েছেন। আশা করা যায় কয়েক মাসের মধ্যেই পদ্মার অতল থেকে সেতুর চেহারা দেখা যাবে। এই সেতুকে ঘিরে বাংলাদেশের রাজনীতি কতভাবে যে আলোড়িত হয়েছে তা আরেক ইতিহাস। জাতীয়-আন্তর্জাতিক নানা কূটচালে বিশ্বব্যাংক সেতুতে বিনিয়োগ প্রস্তাব প্রত্যাহার করলে চাপে পড়ে সরকার। অবশেষে সরকার নিজস্ব অর্থায়নে বাংলাদেশের সবচাইতে বৃহৎ এই মেগা প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব নেয়। গাড়ি থেকে নেমে পদ্মাঘাটে চলে এলাম। আগেই পরিকল্পনা করা ছিল পদ্মা পাড়ি দিব সি-প্লেনে করে। শীতের শান্ত পদ্মা। পদ্মার সর্বনাশা রূপের বদলে শান্ত সৌম্য রূপ এখন। তাই ভয়ের কিছু নেই। সি-প্ল্যানে পদ্মা পাড়ি দেওয়ার আরেক কারণ মনের ভিতর লুকিয়ে ছিল। সেটি হলো মাওয়ার অপর প্রান্ত কেওরাকান্দা ঘাটের হোটেলে ইলিশভাজিসহযোগে ভাত খাওয়া। সেই ছোট্ট বেলা থেকে শুনে আসছি পদ্মানদীর ইলিশের কথা। যারা কোনও কারণে পদ্মা পাড়ি দেন তাদের অবশ্য পালনীয় কর্তব্য হলো হয় ফেরিতে নয় ঘাটে ইলিশসহযোগে ভোজনপর্ব সমাধা করা। মাছে-ভাতে বাঙালি, তার উপরে ইলিশ হলে তো কোন কথাই নেই। পশ্চিমবঙ্গের দণ্পমু-ের কর্ত্রী মমতাজি ইলিশের বদলে তিস্তার পানি না দেওয়ার মতো নির্দয়তা দেখালেও আমি বাজি ধরে বলতে পারি যে কোন বাঙালি ইলিশ পেলে অনেক কিছুই সেক্রিফাইস করতে রাজি হবেন। টিকেট কেটে সি-প্লেনে উঠে বসলাম। পনের জনের মতো যাত্রী পরিবহন করে এক একটি সিপ্লেন। পনের জন যাত্রী হতে সময় লাগে না। বসামাত্রই ভো… করে ইঞ্জিন স্টার্ট দিল চালক। পদ্মার বুক চিড়ে ছুটে চললো ছোট্ট যন্ত্রজলযান। পদ্মার যে অংশ দিয়ে যাচ্ছে তার সামনে কোন দিকেই কোন তীর দেখা যাচ্ছে না। শুধু অথৈ জল। মাঝে মধ্যে সেতু প্রকল্পের বিশাল বিশাল ড্রেজার। সেতুর পিলার বসানোর জন্য বাঁধ দিয়ে নদীর চিহ্নিত এলাকা ভরাট করছে। নদীর কোন কোন জায়গায় জেলেদের বড় বড় জাল দিয়ে মাছ ধরার কাজে নিয়োজিত দেখা গেল। জেলেদের মাছ ধরার দৃশ্য দেখে মনে পড়ে গেল মানিক বন্দোপধ্যায়ের পদ্মা নদীর মাঝি আর অদ্বৈত মল্ল বর্মনের তিতাস একটি নদীর নাম নামক কালজয়ী উপন্যাস দুটির কথা । যারা মাছ ধরছে নৌকায় তাদের কাউকে আমার আজীবন দুঃখী কুবের মাঝি বা গৌরাঙ্গ-নিত্যানন্দ মনে হলো। মাওয়া থেকে কেওরাকান্দা ঘাটে আসতে মাত্র বিশ মিনিট সময় লাগলো। কোন চোরা চরে আমাদের ছোট্ট সিপ্লেন আটকে যায় নি। শুনেছি যারা ফেরিতে পদ্মা পাড়ি দেন এই শান্ত সময়েও তাদের দেড় ঘণ্টা সময় লাগে। আর চরে আটকে গেলে পথ পরিষ্কার করে আসতে সময়ের অপচয় হয় আরও বেশি। কেওরাকান্দা ঘাটে উঠতেই সারি সারি হোটেল দেখতে পেলাম। এরই একটিতে ঢুকে ব্যাগপত্র রেখে হোটেলের নিকটবর্তী টিউবওয়েলে হাতমুখ ধুয়ে আসলাম। দোকানের সামনেই চুলোয় বড় কড়াইয়ে মাছ ভাজার ব্যবস্থা। পাশে কাঁচা ইলিশ মাছের পিস সাজিয়ে রাখা। এরই দুইটি পিস দেখিয়ে বললাম ওগুলি ভেজে দিন। দোকানদার বললেন-বসেন গিয়া। বসতেই তিনি প্লেটে গরম ভাত আর ঘন করে রাধা মশুর ডাল এনে দিলেন। তর সইছে না আমার, কখন ইলিশ ভাজা আসে। মাছের গন্ধে পেটের ক্ষিধা চরচর করে বেড়ে গিয়েছে। ভাজা আসতেই গোগ্রাসে খাওয়া শুরু করে দিলাম। আ! কী তৃপ্তি। উদরপুর্তির পর বিল মিটিয়ে বেরিয়ে এলাম। ততক্ষণে মিঠে রোদ্দুর সোহাগী তাপ ছড়ানো শুরু করেছে। পাশেই টঙ দোকানে বসলাম। চা’র দোকান। রোদে ব্যাঞ্চির উপর বসে চা দিতে বললাম। চলে এলো চা। ঘন গাভীদুগ্ধ আর খেজুর গুড়ের চা। চা পান পর্ব শেষ করে গাত্রোত্থান করলাম। এবারের গন্তব্য কোটালিপাড়া অভিমুখে। আমি জানি না এখান থেকে সরাসরি কোন বাস কোটালিপাড়া যায় কিনা। বাসস্টেশনে জিজ্ঞেস করে জানা গেল সরাসরি বাস নেই । ভেঙ্গে ভেঙ্গে যেতে হবে। টেকের হাটের বাসে চড়লাম। সেই বাস টেকেরহাট না গিয়ে ফরিদপুরের ভাঙা উপজেলায় নামিয়ে দিল। ভাঙা থেকে অন্য আরেক বাসে টেকেরহাট পৌঁছলাম। টেকেরহাট থেকে অন্য বাসে গান্ধিয়াসুর। সেখান থেকে আবার অটোতে চেপে রাধাগঞ্জ বাজার। রাধাগঞ্জ বাজার থেকে মাহেন্দ্রতে চড়ে কোটালীপাড়া আসলাম। কোটালীপাড়া স্টেশন থেকে ভ্যানে বাপার্ড (বঙ্গবন্ধু একাডেমি ফর পোভার্টি এলিভিয়েশন এন্ড রুরাল ডেভলাপম্যান্ট, বাংলায় বঙ্গবন্ধু দারিদ্রবিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি) -আমার শেষ গন্তব্য। ঢাকা থেকে বাপার্ডের দূরত্ব সড়কপথে ১২০ কিলোমিটার। কিন্তু আমি যখন বাপার্ডে এসে নামলাম তখন দুপুর অতিক্রম করেছে। মোটমাট সাত ঘণ্টার এক বিরক্তিকর ভ্রমণ। পরে জেনেছি ঢাকা থেকে বাসে গোপালগঞ্জ এসে কোটালিপাড়া নামলে সময় অনেক বাঁচত। আর পদ্মাসেতু হলে তো এই দূরত্ব অতিক্রম করতে বড়জোর দুই ঘণ্টা লাগবে। এজন্যই একালে বলা হয়ে থাকে তথ্যই শক্তি। আমার কাছে যথেষ্ট পরিমাণে তথ্য ছিল না বলে পথের চক্করে পড়তে বাধ্য হয়েছি। কিন্তু কোনকিছুই শেষ পর্যন্ত অর্থহীন নয়। বলা হয় যাবতীয় অভিজ্ঞতাই জীবনের সঞ্চয় হিসেবে থেকে যায়। এই যে পথের চক্করে পড়লাম আমি তাতে করে অন্তত বেশ কিছু নতুন জায়গা দেখা হলো। সেটিই বা কম কিসে। অভিজ্ঞতার ঝুলিতে দক্ষিণ বাংলার কিছু অভিজ্ঞতা পুরে বাপার্ডের নয়নমনোহর কমপ্লেক্সে ঢুকার পর মনে হলো সত্যিই আসতে পারলাম বটে। গন্তব্যে পৌঁছার পর যে আনন্দ সেটির সাথে এখন যুক্ত হয়েছে রাত জাগা ও পথ চলার ক্লান্তি। ততক্ষণে কেওরাকান্দার ইলিশ-ডাল-ভাতের মেয়াদ ফুরিয়েছে। পেট নতুন জ্বালানীর জন্য তাগিদ দিচ্ছে। একদিকে ক্লান্তি অন্যদিকে ক্ষিধা এই নিয়ে ঢুকলাম বাপার্ড চত্বরে। (চলবে)