বিএনপিতে ঐক্যের সুর আওয়ামী লীগে বিদ্রোহ

বিজয় রায়, ছাতক
ছাতকের সর্ববৃহৎ ইউনিয়ন কালারুকায় ঐক্যের হাওয়ায় দোলছে ধানের শীষ আর বিদ্রোহের আগুনে পুড়ছে নৌকা। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে এ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীকে নিয়ে আ.লীগের বিভক্তি ততই ষ্পষ্ট হয়ে উঠছে। বিদ্রোহের কারণে এ ইউনিয়নে নৌকার ভরাডুবি ঘটার সম্ভাবনা দেখছেন নির্বাচন বিশ্লেষকরা। পক্ষান্তরে এখানে বিএনপি দু’টি বলয়ে বিভক্ত থাকলে নির্বাচনকে কেন্দ্র করে উভয় বলয় এক মঞ্চে এসে দাঁড়িয়েছে। এদিক থেকে একক প্রার্থী বিবেচনায় বিএনপির ধানের শীষের অবস্থান অনেকটা শক্তিশালী ও মজবুত বলে সাধারণ ভোটাররা মনে করছেন। নির্বাচনকে ঘিরে বর্তমানে কারারুকা ইউনিয়নের  ঘরে-ঘরে বইছে নির্বাচনী উৎসবের আমেজ। এ ইউনিয়নের শতকরা ৮০ভাগ মানুষ ছাতক শহর কেন্দ্রিক হওয়ায় প্রতিদিনের পরিকল্পনা শহরে বসেই হয়ে থাকে। যে কারণে কালারুকা ইউনিয়নের নির্বাচন ও ফলাফল অনেকের কাছেই খুবই গুরুত্বপূর্ণ। ৫জন প্রার্থীর মধ্যে নৌকা-ধানের মধ্যে মূল লড়াই হওয়ার কথা এখন ভোটারদের মুখে-মুখে। সংসদ সদস্য মুহিবুর  রহমান মানিক ও পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর নেতৃত্বে কালারুকা ইউনিয়ন আ.লীগও দুটি বলয়ে বিভক্ত হয়ে আছে। প্রতিটি গ্রুপেরই পৃথক ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি রয়েছে। বিএনপিও একইভাবে মিলন-মিজান পৃথক শিবিরে বিভক্ত থাকলেও ইউনিয়ন নির্বাচনে তারা ঐক্যবদ্ধ হয়ে হাটছে ।
নির্র্বাচনে মেয়র কালাম পক্ষের অদুদ আলম আ.লীগের মনোনয়ন লাভ করলে এমপি মানিক পক্ষের মনোনয়ন প্রত্যাশী আফতাব উদ্দিন ক্ষোভে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নামেন। ফলে আ.লীগের বিভক্তি আরো স্পষ্ট ও শক্তিশালী হয়ে উঠে। নৌকা ও বিদ্রোহীর মধ্যে প্রচার-প্রচারনাও চলছে পরস্পর বিরোধী কথাবার্তার মাধ্যমে। এমপি মানিক বলয়ের ইউনিয়ন সভাপতি চেয়ারম্যান প্রার্থী আফতাব উদ্দিন জানান, অর্থের বিনিময়ে ও ভুল তথ্য দিয়ে বিএনপি নেতার হাতে তুলে দেয়া হয়েছে নৌকা। এ নৌকা বঙ্গবন্ধুর আ.লীগের নৌকা নয়। ইউনিয়নের মানুষ বিএনপির নৌকায় ভোট দেবে না। ইউনিয়নের নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের চাপে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ৩১মার্চ তার প্রতীক আনারসের বিজয় হবে বলে তিনি আশাবাদী। মেয়র কালাম পক্ষের ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আ.লীগের আহবায়ক কমিটির সদস্য নূর উদ্দিন জানান, জেলা ও উপজেলা কমিটির সমন্বয়ে দলীয় হাই কমান্ড যোগ্য প্রার্থী অদুদ আলমের বিশ্বস্থ হাতে স্বাধীনতার প্রতীক নৌকা তুলে দেয়া হয়েছে। বিদ্রোহী প্রার্থী আফতাব উদ্দিন কখনো আ.লীগ করতেন না। এরশাদের জাপার রাজনীতিতে বিশ্বাসী আফতাব উদ্দিন এক যুবলীগ নেতার বোন বিয়ে করে আত্মীয়তার আবদ্ধে আ.লীগে সম্পৃক্ত হয়েছেন। বিদ্রোহী নয়, ধানের সাথেই প্রতিদ্বন্দ্বিতা করে ভোট বিপবের মাধ্যমেই নৌকার বিজয় সুনিশ্চিত করা হবে বলে তিনি মনে করেন। বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান নজরুল হক আসন ধরে রাখতে ঐক্যবদ্ধ বিএনপিকে নিয়ে নেমেছেন প্রচারণায়। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম আম্বিয়া মাজকুর পাবেল জানান, এ ইউনিয়নে বিএনপিতে বিভেদ বা বিদ্রোহ নেই। এখানে ঐক্যবদ্ধ বিএনপিই ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে যাচ্ছে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে এখানে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। অপর দিকে স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা নজমুল হোসেন দীর্ঘদিন ধরে রয়েছেন নির্বাচনী মাঠে। পরিবর্তনের প্রত্যাশায় ইউনিয়নবাসী তার সাথেই রয়েছে বলে তিনি দাবি করেন। নির্বাচনে কোনরূপ প্রভাব না থাকলে তার প্রতীক টেলিফোনের বিজয় হবে বলে তিনি আশবাদী। আরেক স্বতন্ত্র প্রার্থী খেলাফত মজলিস নেতা অধ্যক্ষ মাও. আরিফুল হক ইদ্রিস ইসলামী মুল্যবোধ প্রতিষ্ঠায় ইউনিয়নবাসীর রায় নিয়েই তিনি প্রার্থী হয়েছেন বলে জানান। ফলাফল ছিনিয়ে নেয়া ছাড়া তার প্রতীক চশমার বিজয় কেউ আটকাতে পারবে না বলে তিনি মন্তব্য করেছেন। ইউনিয়নের সাধারণ ভোটাররা বলছেন, এখানে নৌকা ও ধানের লড়াইটা হবে জমজমাট। শেষ লড়াইয়ে ন্যুনতম ব্যবধানে জয়-পরাজয় নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নিশ্চিত করে বলা যায় অবশেষে এখানে নৌকা ও ধানের তীব্র ভোট যুদ্ধ হবে। এ ছাড়া তিনটি সংরক্ষিত আসনে ১০জন এবং ৯টি ওয়ার্ডে ৩৯জন সাধারণ সদস্য নেমেছেন নির্ঘুম প্রচারনায়। ৪৭টি গ্রাম ও ৫টি বাজার নিয়ে কারারুকা ইউনিয়ন গঠিত। প্রশাসনে দেয়া তথ্য অনুযায়ি ১০টি ভোট কেন্দ্রে রয়েছে এ ইউনিয়নে। এর মধ্যে ৬টিকে অধিক ও ২টিকে কম ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখানে মোট ভোটারের মধ্যে নারী ভোটার সংখ্যায় বেশী হওয়ায় বাড়ছে নারী ভোটারদের কদর। মোট  ১৮হাজার ৫২১জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৯হাজার ২০২জন ও ৯হাজার ৩১৯জন নারী ভোটার রয়েছেন। ৩১ মার্চ একটি অবাধ, নিরপেক্ষ ও উৎসমুখর নির্বাচনের প্রত্যাশায় রয়েছে কালারুকা ইউনিয়নবাসী।