বিন্দু তালুকদার
জেলার প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচন ছাতক উপজেলায় বিএনপি চেয়ারম্যান প্রার্থীদের চরম ভরাডুবির ঘটনা ঘটেছে। একটি বাদে ১২টি ইউনিয়নে দলীয় প্রার্থীর পরাজয়ের বিষয়ে তৃণমূলের নেতাকর্মীদের কাছ থেকে নানা তথ্য বেরিয়ে আসছে।
প্রার্থী বাছাইয়ে ভুল সিদ্ধান্ত গ্রহণ, নেতৃত্বের দুর্বলতা ও দায়সারা প্রচার-প্রচারণার কারণকে দায়ী করছেন দলের সাধারণ নেতাকর্মীরা। তবে অনেক ইউনিয়নে সরকার দলীয় বিদ্রোহী প্রার্থী কিংবা মূল প্রার্থীর সাথে গোপন সমঝোতাকেই দলীয় প্রার্থীদের শোচনীয় পরাজয়ের মূল কারণ হিসাবে চিহ্নিত করেছেন বিএনপির কর্মী-সমর্থকরা।
আবার বিএনপির অনেকেই বলেছেন, সরকার দলীয় প্রার্থীর কর্মী-সমর্থকদের দ্বারা এলাকায় আতংক সৃষ্টি ও প্রশাসনকে ব্যবহার করে ভোটারদের মাঝে প্রভাব বিস্তারের কারণে ভয়ে বিএনপির ভোটার ও কর্মীরা ভোট কেন্দ্রে যায়নি। বিএনপি করলে নেতাকর্মীদের নৌকায় ভোট প্রদানে বাধ্য করা হয়েছে। চরমহল্লা ইউনিয়নে ক্ষমতাসীন আওয়ামী লীগ, জাপা ও স্বতন্ত্র প্রার্থীকে টেক্কা দিয়ে বিএনপির দলীয় প্রার্থী আবুল হাসনাত ধানের শীষ প্রতীকে ২৮৭২ ভোট পেয়ে জয়ী হয়ে তিনিই কেবল বিএনপির মুখ রক্ষা করেছেন। না হলে আওয়ামী লীগের ফাঁকা মাঠে গোল দিয়ে দিত।
উত্তর খুরমা ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী বিল্লাল আহমদ নৌকা প্রতীকে পেয়েছেন ৪৬৬০ ভোট। এই ইউনিয়নে বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম ধানের শীষ প্রতীকে পেয়েছেন মাত্র ১৬০ ভোট। গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আখলাকুর রহমান আনারস প্রতীকে ৬৫৫৮ ভোট পেয়ে জয়ী হয়েছে। এই এই ইউনিয়নে বিএনপির প্রার্থী দিলোয়ার হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৫৯ ভোট। নোয়ারাই ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দেওয়ান আব্দুল খালিক রাজা চশমা প্রতীকে ৮৩৭৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এই ইউনিয়নের বিএনপির দলীয় প্রার্থী জোয়াদ আলী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৭৩ ভোট। সরকার দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল নৌকা প্রতীকে পেয়েছেন ৬১৬০ ভোট।
দক্ষিণ খুরমায় বিএনপির প্রার্থী জাহাঙ্গীর আলম পেয়েছেন ৩৬৩৮ ভোট, ছৈলা আফজালাবাদে সায়েদ মিয়া পেয়েছেন ৩২৩০ ভোট, ভাতগাঁও ইউনিয়নে এসএম ছমরু মাস্টার পেয়েছেন ২৫৪৫ ভোট, দোলারবাজারে নূরুল আলম পেয়েছেন ৫৩৪১ ভোট, কালারুকায় নুরুল হক পেয়েছেন ৪৮৮৪ ভোট।
গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের ভোটার উপজেলা আওয়ামী লীগের একাংশের আহবায়ক লুৎফুর রহমান সরকুম বলেন,‘আমাদের ইউনিয়নে বিএনপির নেতাকর্মীরা নিজ দলীয় চেয়ারম্যান প্রার্থীর পক্ষে না থেকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করেছে এবং ভোট দিয়েছেন। তাই তাদের এই দশা হয়েছে।’
এই ইউনিয়নের বাসিন্দা গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক নেতা ফকর উদ্দিন বলেন,‘ ক্ষমতাসীন সরকার দলীয়দের প্রভাবসহ বিভিন্ন কারণে বিএনপি দলীয় প্রার্থীর পরাজয় হয়েছে। এর মধ্যে যোগ্য প্রার্থী বাছাই ও নির্বাচনে নেতৃত্বের অভাব ছিল পরাজয়ের মূল কারণ।’
নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে নোয়ারাই ইউনিয়নের বাসিন্দা উপজেলা ছাত্রদলের এক নেতা বলেন,‘আমাদের ইউনিয়নের মোট ভোটের ৬০ থেকে ৭০ ভাগ বিএনপির। কিন্তু আমাদের প্রার্থীর পরাজয় হয়েছে। বিএনপির দলীয় প্রার্থী জোয়াদ আলী নিজের ভাগ্না আফজাল আবেদীনের সাথে গোপন সমঝোতা করেছিলেন। এসব বিষয় জেনে বিএনপির ভোটাররা দলীয় প্রার্থীকে ভোট না দিয়ে স্বতন্ত্র প্রার্থীকে ভোট প্রদান করেছেন।’
উত্তর খুরমা ইউনিয়নের ধারনবাজার এলাকার বিএনপির এক ভোটার বলেন,‘আমাদের দলীয় প্রার্থী যেভাবে হেরেছেন তা রীতিমত লজ্জার। সারা দেশের মধ্যে বিএনপির কোন চেয়ারম্যান প্রার্থী এত কম সংখ্যক ভোট পেয়ে ফেল করেনি। সরকার দলীয় প্রার্থী প্রভাব বিস্তার করেছিল ঠিক, আবার দলীয় কোন্দলের কারণে বিএনপির ভোটাররা দলের প্রার্থী আব্দুল আলিমকে ভোট দেয়নি একথাও ঠিক।’
বিএনপি দলীয় প্রার্থীদের চরম ভরাডুবির ঘটনা ও তৃণমূলের অভিযোগের বিষয়ে কথা বলতে চাইলে ছাতক উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
একইভাবে উত্তর খুরমা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের বিএনপির দলীয় প্রার্থী দিলোয়ার হোসেন নজমুল ও নোয়ারাই ইউনিয়নে বিএনপির প্রার্থী জোয়াদ আলীসহ উপজেলার ১১ ইউনিয়নের বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থীদের ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেন,‘ সারা দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচনের একই অবস্থা। ছাতক উপজেলা দেশের মধ্যেই, সারা দেশে যা হয়েছে ছাতকেও তাই হয়েছে। ছাতকের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোন ধরনের নিরপেক্ষতা ছিল না। প্রার্থী বাছাইয়ে আমাদের কোন ভুল ও দলীয় কোন্দল ছিল বলে যা বলা হচ্ছে তা ঠিক নয়।’


