বিদ্যুৎ বিভ্রাটের দোষ বজ্রপাতের ঘাড়ে

শহীদ নূর আহমেদ
একটু ঝড় হাওয়া বা বজ্রপাত হলে জেলা শহরের বিদ্যুৎ ব্যবস্থার গলদ দেখা যায়। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না পিডিপির বৈদ্যুতিক লাইনে।  দিনের মধ্যে কত বার যে বিদ্যুৎ আসা যাওয়া করে তা না গুনলে বলা কঠিন। বৃহস্পতিবার দিবাগত রাত ও বুধবার সারা দিন অসংখ্যবার  পিডিপির বৈদ্যুতিক লাইনে ঘন্টার পর ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলো।  প্রচন্ড গরমে বিদ্যুৎ না থাকায় অফিস আদালত ও বাসা বাড়িতে থাকা মানুষের কষ্টের শেষ ছিল না। বার বার বিদ্যুৎ আসা যাওয়ার কারণ হিসাবে লাইনের ত্রুটির কথা বলার পাশাপাশি এবার বিদ্যুৎ বিভাগ বজ্রপাতের ঘাড়েও চাপিয়েছেন এই দোষ।  কিন্তু গ্রাহকরা এই অজুহাত মানছেন না একেবারেই। শহরের   উকিলপাড়ার বাসিন্দা নুরুল     
 হাসান আতাহার বলেন, প্রচন্ড গরমে   রাতে ঘুমাতে পারিনি । দিনের বেলায়ও একই অবস্থা। পিডিবির অফিসে ফোন দিলে ফোন উঠায় না। উঠালেও  তারা বলেন বজ্রপাতে লাইনে ত্রুটি দেখায় বিদ্যুৎ নাই। এখন কথা হলো একবার ঠিক করলেতো বার বার বিদ্যুৎ আসা যাওয়ার কথা  না।  রাতে একটু বজ্রপাত হলেই দিনে অকারণে বিদ্যুৎ নেয়া হয়।
ময়নার পয়েন্ট এলাকার রেদুয়া আক্তার নিলু নামে এক মহিলা জানান, আজ সারা দিন বিদ্যুৎ আসা যাওয়া করছে। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় অসহ্য গরমে কষ্ট করতে হয়েছে। বজ্রপাতের উপর দোহাই দিয়ে শহরবাসীকে কষ্ট দেয়ার মানে কি বুঝতে পারছি না। বজ্রপাতে যদি লাইনে ত্রুটি দেখা দেয় তাহলে লাইন স্থায়িভাবে কেন মেরামত হয় না এমন প্রশ্ন করেন তিনি।
পিডিপির সহকারি প্রকৌশলী শ্যামল চন্দ্র সরকার বিদ্যুৎ বিচ্ছিন্নতার বিষয়ে বলেন, সোমবার ও মঙ্গলবার রাতে প্রচুর বজ্রপাত হয়েছে। এতে আমাদের বৈদ্যুতিক লাইনের বহু স্থানে ত্রুটি দেখা দেয়। তাই লাইন মেরামত করতে গিয়ে নির্দিষ্ট সময় নিয়ে লাইন বন্ধ রাখা হয়। এক লাইন বন্ধ রাখা হলে আরেক লাইনে বিদ্যুৎ দেয়া হয়।