পশ্চিম নতুন পাড়ায় বখাটেপনার মামলা- বাদীকে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে

স্টাফ রিপোর্টার
পশ্চিম নতুন পাড়ায় স্কুল শিক্ষিকাকে উত্ত্যক্ত করার ঘটনায় দায়ের করা মামলার আসামীরা বাদীকে মামলা তুলে নেবার জন্য নানাভাবে হুমকি-ধামকী দেবার অভিযোগ পাওয়া গেছে।
মামলার বাদী টিটু রঞ্জন দাস বুধবার দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন,‘আমাকে কৌশলে হুমকি-ধামকি দিয়ে       
বলা হচ্ছে বখাটেদের সঙ্গে আপোস করতে হবে। আমি যাতে থানায় না যাই, ওসি বা তদন্তকারী দারোগাকে কাউকে দিয়ে ফোন না দেওয়াই এমন হুমকিও দেওয়া হচ্ছে। মামলা না তুললেও পুলিশ কিছু করতে পারবে না, এমন কথাও বলা হচ্ছে।’
টিটু জানান, সদর থানার ওসি ও পুলিশ সুপারের সঙ্গে দেখা করে এসব বিষয় জানিয়ে আসবেন তিনি।
শহরের পশ্চিম নতুনপাড়ার বাসিন্দা টিটু রঞ্জন দাস মঙ্গলবার তার স্কুল শিক্ষিকা বোনকে স্কুলে যাবার সময় অশালীন কথাবার্তা ও হুমকি দেবার অভিযোগ এনে সুনামগঞ্জ সদর থানায় ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার আসামীরা হচ্ছে- বড়পাড়া’র নূর ইসলামের ছেলে শিহাব (২০), জামতলার গৌছ উদ্দিনের ছেলে বক্কর (২০), আফাজ উদ্দিনের ছেলে প্রমি (২২), বড়পাড়ার নূর ইসলামের ছেলে শিব্বির।