সিলেট অফিস
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাশিম। তিনি গত ইউনিয়ন পরিষদ নির্বাচন করেছিলেন নৌকার বিরুদ্ধে। নৌকার বিরুদ্ধে তার অবস্থান ছিল দশম জাতীয় সংসদ নির্বাচনের সময়ও।
ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। তবে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর নিজেকে খাঁটি আওয়ামী লীগার হিসাবে পরিচিতি দিতে গাড়িতে লাগিয়ে নেন নৌকার ছবি। আর এতে করে ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয় তৃণমূলের নেতাকর্মীদের মাঝে।
তাদের দাবি, নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নিয়েও চেয়ারম্যান হাশিম কিভাবে তার গাড়িতে নৌকার ছবি লাগিয়েছেন ? নিজেকে পরিচয় দিচ্ছেন আওয়ামী লীগের চেয়ারম্যান হিসেবে। অথচ তিনি দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী হিসেবে নির্বাচন করেন। তাকে সুবিধাভোগী নেতা হিসেবেও আখ্যায়িত করেছেন তারা।
তবে, নিজেকে বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ট সৈনিক দাবি করে মো. আব্দুল হাশিম গণমাধ্যমকে বলেন, ‘আমি আমার আদর্শের প্রতীক হিসেবে নৌকাকে গাড়ির নেমপ্লেইটে রেখেছি। এতে কারো অসুবিধা হওয়ার কথা না।’
নৌকাকে তার অন্তরের প্রতীক উল্লেখ করে তিনি আরো বলেন, নৌকা আমার অন্তরের প্রতীক। তাই এই প্রতীক নিয়ে নির্বাচন করতে চেয়েছিলাম। কিন্তু দলীয় প্রার্থীতার লড়াইয়ে নেতৃবৃন্দ আমায় নৌকা প্রতীক দেননি। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে চশমা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্ধন্ধিতা করে জয়লাভ করি।
যুক্তি তুলে ধরে তিনি বলেন, ‘কেউ যদি টি-শার্টে বল, নৌকা অথবা অন্য কোন চিত্র ব্যবহার করতে পারলে আমি নৌকার চিত্র লাগানোয় কোন ক্ষতি করি নি। আমি নৌকার প্রচার করছি। নৌকা চিহ্ন গাড়িতে লাগানো বা ঘরে রাখলে কি কোন অপরাধ করলাম- বলেও প্রশ্ন তুলেন তিনি। তবে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তার এসব যুক্তি মানতে নারাজ।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক নেতা জানান, আব্দুল হাশিম আওয়ামী লীগের বড় মাপের কোন নেতা ছিলেন না। দশম জাতীয় নির্বাচনের সময়ও তিনি নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। ইউনিয়ন নির্বাচনের সময় নৌকা প্রতীক চেয়ে পাননি।
স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হওয়ার পরেই তিনি নৌকার ছবি তার গাড়ির নেমপ্লেইটে লাগান। এতে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ করা হয়। জানানো হয় প্রশাসনকেও। তবুও এই চেয়ারম্যান তার গাড়ি থেকে নৌকার ছবি সরাচ্ছেন না।
- রিমন হত্যা ও প্রতিপক্ষের বসতঘরে অগ্নিসংযোগ- ছাতক থানায় পাল্টাপাল্টি মামলা পুরুষ শূন্য সেনপুর গ্রাম
- ট্রাক ভাঙলো রাস্তা


