ট্রাক ভাঙলো রাস্তা

স্টাফ রিপোর্টার
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের বই বহনকারী একটি ট্রাকের চাপে লঞ্চঘাটমুখী রাস্তার বড় অংশ ভেঙ্গে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে বিদ্যালয়ের পশ্চিমের প্রবেশ গেইটের সামনের রাস্তার কিছু অংশ ট্রাকের আঘাতে ভেঙ্গে গেছে।
প্রতি বছরের মতো এবারও গত তিনদিন যাবত এই রাস্তার উপর বই বহনকারী বড় ট্রাক দাঁড় করিয়ে গাড়ি থেকে বই নামানো হয়। এসময় শত শত পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়।
বিদ্যালয়ের ভিতরে ট্রাক না ঢুকিয়ে রাস্তায় দীর্ঘ সময় দাঁড় করিয়ে বই আনলোড করায় প্রতিবছরই এইসময়ে এখানে যানবাহন ও মানুষের চলাচলে সমস্যা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
পথচারী নুর হোসেন বলেন, ‘বিদ্যালয়ের জায়গা প্রচুর আছে। কিন্তু মানুষের চলাচলে অসুবিধা করে যাতায়াত রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে বই নামানো উচিৎ নয়। ’
সুনামগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল কুমার লোহ বলেন, ‘মালবাহী কোনো গাড়ি শহরের বিশেষ কোনো রাস্তায় প্রবেশের আগে আমাদেরকে জানাতে হবে। এটা পৌরবাসী সকলের জানা। এরমধ্যে যদি বই বহনকারী ট্রাক আমাদের পৌরসভার রাস্তা ভেঙে থাকে, তবে বিষয়টি আমরা দেখবো।’