সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ যুক্তরাষ্ট্র একসঙ্গে লড়বে

সু.খবর ডেস্ক
সন্ত্রাসবাদ মোকাবেলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। এ জন্য বাংলাদেশকে বিশেষজ্ঞ সহায়তার প্রস্তাব দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে এক বৈঠকে এ প্রস্তাব দেন তিনি। প্রধানমন্ত্রী প্রযুক্তিগত দিক দিয়ে এগিয়ে থাকা যুক্তরাষ্ট্রের কাছে সন্ত্রাসীদের বিষয়ে তথ্যগত সহায়তা প্রত্যাশা করেছেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এক টুইটবার্তায় জন কেরি বাংলাদেশের উন্নয়নকে ‘এক অসাধারণ গল্প’ বলে বর্ণনা করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি বলেন, নিরাপত্তা ইস্যু ও সহিংস কট্টরপন্থার বিরুদ্ধে আমাদের দৃঢ় সহযোগিতার বিষয়সহ বিভিন্ন ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
সকাল ১০টার দিকে প্রথমবারের মতো ঢাকায় আসেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সাড়ে ৮ ঘণ্টার এ ঝটিকা সফরে টানা কর্মসূচিতে তিনি প্রধানমন্ত্রী ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন। তাদের বৈঠকে সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে একসঙ্গে কাজ করা, যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর পলাতক খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাঠাতে উদ্যোগ নেওয়া এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের সুযোগ সৃষ্টিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়গুলো উঠে আসে।
পরে জন কেরি জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও সাক্ষাৎ করেন। এ ছাড়া তিনি ধানমণ্ডির ইএমকে সেন্টারে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং তরুণদের উদ্দেশে বক্তৃতা দেন। তিনি মিরপুরে একটি তৈরি পোশাক কারখানাও পরিদর্শন করেন। সফরের কর্মসূচির শুরুতেই যুক্তরাষ্ট্র সরকারের প্রথম কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তিনি ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে ঢাকা সফরে আসা যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট বা পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বাড়িটিতে যাননি।
দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে তার কার্যালয়ে যান জন কেরি। সেখানে তারা প্রায় এক ঘণ্টা বৈঠক করেন। পরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের তথ্য আদান-প্রদানের প্রয়োজন রয়েছে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে আরও ‘ঘনিষ্ঠভাবে’ কাজ করার আগ্রহ প্রকাশ করে তিনি বলেছেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় তাদের যথেষ্ট সংখ্যক বিশেষজ্ঞ রয়েছেন। তারা এ বিষয়ে সহায়তা করতে পারেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে লড়াই করবে বলেও আশা প্রকাশ করেছেন জন কেরি।
প্রেস সচিব বলেন, সন্ত্রাসীদের ধরার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে তথ্য সহায়তা প্রত্যাশা করে প্রধানমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র যেহেতু প্রযুক্তিগতভাবে উন্নত একটি দেশ, তাই সন্ত্রাসীদের গ্রেফতারের বিষয়ে তারা আমাদের তথ্যগত সহায়তা প্রদান করতে পারে। এটা সম্ভব হলে সন্ত্রাসীদের গ্রেফতারের বিষয়ে আমাদের সুবিধা হয় এবং এটা দ্বিপক্ষীয়ভাবেই হতে হবে। সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক সমস্যা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার সন্ত্রাস দমনে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে সার্বিক ঐকমত্য সৃষ্টির মাধ্যমে এই সামাজিক ব্যাধি উপশমের পদক্ষেপ গ্রহণ করেছে।
বৈঠকে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার বিষয়টি স্মরণ করে যুক্তরাষ্ট্রে পলাতক খুনিদের ফেরত পাঠানোর অনুরোধ জানান শেখ হাসিনা। জবাবে জন কেরি বলেন, আপনার উদ্বেগটা আমি বুঝতে পারছি। অপরাধী বিনিময়ের বিষয়টি যুক্তরাষ্ট্রের বিবেচনায় রয়েছে। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনের কথা উল্লেখ করে জন কেরি বলেন, তিনি বাড়িটিতে সংরক্ষিত বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন দেখে অভিভূত হয়েছেন। প্রধানমন্ত্রী এ সময় বাংলাদেশের অভ্যুদয়ের সব গণআন্দোলন-সংগ্রামে বঙ্গবন্ধু ভবনের ঐতিহাসিক ভূমিকা স্মরণ করে বলেন, এক সময় বাংলাদেশের স্বাধীনতাসহ সব গণআন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল ভবনটি।
শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অস্ত্র ছাড়া সব পণ্যের কোটামুক্ত এবং শুল্কমুক্ত প্রবেশাধিকারের প্রত্যাশা পুনরুল্লেখ করেন। বিনিয়োগবান্ধব পরিবেশ থাকার বিষয়টি উল্লেখ করে তিনি বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগের আহ্বান জানান। ‘সকলের সঙ্গেই বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’_ বাংলাদেশের এই পররাষ্ট্রনীতির উল্লেখ করে সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখায় বাংলাদেশের প্রচেষ্টার কথাও জানান তিনি। দেশের উন্নয়নকে লক্ষ্য করে তার সরকার গৃহীত খাদ্য নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, শিক্ষা এবং দারিদ্র্র্য বিমোচনের বিভিন্ন কর্মসূচির কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকারের বিভিন্ন কার্যকর পদক্ষেপের ফলেই দেশে দারিদ্র্যের হার ৫৭ শতাংশ থেকে নেমে বর্তমানে ২২ শতাংশে এসেছে। বেসরকারি খাতকে উন্মুক্ত করে দেওয়াতেই দেশে ব্যাপক সংখ্যক তরুণ-যুবার কর্মসংস্থান হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, একটি আমেরিকান কোম্পানিই সর্বপ্রথম এ দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে নিজস্ব উদ্যোগে বিনিয়োগে এগিয়ে আসে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান থাকার কথা উল্লেখ করে তিনি এ সম্পর্ক উত্তরোত্তর দৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করে কেরি বলেন, বাংলাদেশ চমকপ্রদ অগ্রগতি সাধন করেছে। বাংলাদেশের এই উন্নয়ন এবং অন্যান্য বিষয়ে আমাদেরও অংশীদারিত্ব রয়েছে। তিনি জলবায়ু, স্বাস্থ্য এবং জ্বালানি খাতসহ অন্যান্য ক্ষেত্রেও ঢাকার সঙ্গে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
আইএসের অর্থের উৎস সম্পর্কে প্রধানমন্ত্রীর প্রশ্নের জবাবে জন কেরি বলেন, এদের অর্থের একটি বড় অংশ আসে দখল করা তেলক্ষেত্রের তেল বিক্রি থেকে এবং আইএস অধ্যুষিত অঞ্চলগুলোর সাধারণ শ্রমিকদের আয়ের ‘লেভি’ থেকে। বর্তমান সন্ত্রাসের ধরন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এটা অনেকটা আশ্চর্যের ব্যাপার, আজকাল উচ্চবিত্ত ভালো ঘরের ছেলেরা এই সন্ত্রাসে জড়িয়ে পড়ছে। এর একটিই কারণ, তাদের প্রতি অভিভাবকরা যথাযথভাবে মনোযোগ দিচ্ছেন না। এ সময় কেরি বলেন, উচ্চবিত্ত পরিবারের সন্তানরা আজকাল তাদের অভিভাবকরা ঘর থেকে বের হলেই ভিডিও গেমস খেলতে ব্যস্ত হয়ে যায়। যার অধিকাংশই সন্ত্রাসে পরিপূর্ণ।
বৈঠকে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট উপস্থিত ছিলেন।
দুপুরে রাজধানীর ইএমকে সেন্টারে সুশীল সমাজের প্রতিনিধি ও তরুণদের উদ্দেশে বক্তৃতা করেন জন কেরি। সেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে সম্পর্ক শুধু সরকারের সঙ্গে হয় না। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে নাগরিকের সঙ্গে নাগরিকের সম্পর্ক, বন্ধুর সঙ্গে বন্ধুর সম্পর্কে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি এসেছেন বন্ধুত্বের বার্তা দৃঢ় করার প্রত্যয় নিয়ে, বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের যৌথ সহযোগিতার ক্ষেত্র বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করতে। বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে আইএসের যোগসূত্র রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পরে সেখানে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে চা-চক্রে মিলিত হন জন কেরি।
এর আগে সকাল ১০টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পেঁৗছলে জন কেরিকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। সেখানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটও উপস্থিত ছিলেন।
তিন মন্ত্রীর সঙ্গে বৈঠক :রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুপুর ১টা ১০ মিনিট থেকে প্রায় সোয়া ২টা পর্যন্ত জন কেরি পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব শহীদুল হকও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের বিষয়টি তুলে ধরা হয়। কারণ, যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের এক নম্বর রফতানি বাজার। এ কারণে সেখানে আরও কী কী নতুন পণ্য রফতানি করা যায়, শুল্কমুক্ত প্রবেশ নিশ্চিত করা যায়, সে বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন জন কেরি।
বৈঠকে যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানোর বিষয় নিয়েও আলোচনা হয়। ওয়াশিংটনে ফিরে গিয়ে এ বিষয়ে উদ্যোগ সম্পর্কে জানাবেন বলে জানান জন কেরি। বৈঠকে নিরাপত্তা সহযোগিতা, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর বিষয়ও উঠে আসে। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, উন্নয়ন ও অগ্রগতির পথে বাংলাদেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন জন কেরি। সন্ত্রাসবাদ দমনে নতুন প্রস্তাব দেওয়া হবে বলে গত রোববার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বক্তব্য উল্লেখ করে বৈঠকে এ ব্যাপারে কী আলোচনা হয়েছে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ দমনে সহযোগিতার বিষয়টি ক্রমেই প্রকাশ্য। এটি একবারে এভাবে বলা যাবে না।
এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বৈঠকে সবচেয়ে গুরুত্ব দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের সুবিধা নিয়ে আলোচনা হয়েছে। তবে জিএসপি বিষয়ে আলোচনা হয়নি বলে তিনি জানান।
ঘুরে দেখলেন গার্মেন্ট কারখানা :মিরপুরের রূপনগরে কে-টেক্স নামে একটি তৈরি পোশাক কারখানা ঘুরে দেখেন জন কেরি। বাংলাদেশে তৈরি পোশাক কারখানার চিত্র সরেজমিনে দেখতেই তিনি কারখানা পরিদর্শন করেন। এ সময় তিনি কারখানার মালিক, শ্রমিকসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল এবং রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এ সময়ে তার সঙ্গে ছিলেন।
পরে সন্ধ্যায় দিলি্লর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন জন কেরি। পররাষ্ট্র সচিব শহীদুল হক তাকে বিমানবন্দরে বিদায় জানান।