সু.খবর রিপোর্ট
জামালগঞ্জে উৎসবমুখর পরিবেশে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলে এ টিকাদান কার্যক্রম। করোনা মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজন করে। এতে টিকা নিতে আসা সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ভাব পরিলক্ষিত হয়েছে।
জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়নের ফেনারবাঁক ইউনিয়নের লক্ষ্মীপুর তাওয়াক্কালীয়া মাদ্রাসা, ভীমখালী ইউনিয়নের আছির উদ্দিন উচ্চ বিদ্যালয়, জামালগঞ্জ সদর ইউনিয়নের জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, সাচনা বাজার ইউনিয়নের সাচনা বাজার উচ্চ বিদ্যালয়, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের সাচনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বেহেলী ইউনিয়নের গুচ্ছগ্রাম (রহিমাপুর) সরকারি প্রাথমিক বিদ্যালয় টিকাদান কেন্দ্রের ১৮টি বুথে ৬০০ জন করে মোট ৩ হাজার ৬০০ জনকে টিকা প্রদান করা হয়।
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে টিকা নিতে আসা তহুরা বেগম বলেন, আমি প্রথমে টিকা নিতে আগ্রহী ছিলাম না। কিন্তু সবার টিকা নেওয়ার আগ্রহ দেখে আমিও টিকা নিতে আসি।
একই কেন্দ্রে টিকা নিতে আসা গফুর মিয়া (৬৫) জানিয়েছেন, আগে টিকা নিতে ভয় লাগত। টিকার ব্যাপারে অনেকে অনেক কথা বলেছে। এখন দেখছি আগে যারা ভয় দেখিয়েছে তারাই টিকা নিতে আসছে। তাই আর দেরি না করে টিকা নিয়ে নিলাম।
লক্ষ্মীপুর তাওয়াক্কালীয়া মাদ্রাসায় বৃদ্ধ মাকে টিকা দিতে নিয়ে আসা মাদ্রাসা ছাত্রী আকলিমা বেগম বলেন, আগে টিকা নেওয়ার ব্যাপারে গুরুত্ব দেইনি। এ কয়দিনে দেখলাম সবাই টিকা নিতে বেশ আগ্রহ প্রকাশ করছে। তাই মাকে নিয়ে আসলাম টিকা দিতে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈন উদ্দিন আলমগীর বলেন, এবার নিবন্ধনের জন্য বয়সসীমা ২৫ বছরে নামিয়ে আনার পাশাপাশি সকল নারী-পুরুষকে টিকা নিতে আগ্রহী করা হচ্ছে। বর্তমানে করোনা পরিস্থিতি বিবেচনায় সরকার ঘোষিত নিয়ম অনুযায়ী সকল জনগণকে করোনা টিকা নিতে হবে। এর ধারাবাহিকতায় জামালগঞ্জে চলছে করোনা টিকাদান কর্মসূচি।
টিকাদান কার্যক্রম চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈন উদ্দিন আলমগীর টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন।
দক্ষিণ সুনামগঞ্জ
দক্ষিন সুনামগঞ্জ উপজেলায় গণটিকা দান কার্যক্রমের উদ্বোধন করেছেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামান ও পরিকল্পনা মন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন।
শনিবার সকাল সাড়ে ৯টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসীম উদ্দীন শরিফীর সভাপতিত্বে ও উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক মাসুক আহমদের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুক্তাদির হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, সদস্য সামিউল কবির, উপজেলা যুবলীগের সহ সভাপতি জুবেল আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, জয়কলস পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা সুমিত্রা চৌধুরী প্রমুখ।
এরপর টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) অসিম চন্দ্র বনিক।
উল্লেখ্য, একদিনে উপজেলায় ৪হাজার ৮শত টিকা দেয়া হচ্ছে। করোনা ভাইরাস প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উপজেলার সকল ইউনিয়নের এক নং ওয়ার্ডের শুধু মাত্র বয়স্ক নারী ও পুরুষ এবং প্রতিবন্ধী জনগোষ্ঠীকে প্রথমে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে ২৫ বছরের বেশী বয়সী জনসাধারণকেও টিকা দেয়া হবে।
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলার ৫ টি ইউনিয়নে একযোগে গণটিকা প্রদান করা হয়েছে। সকাল ৯টা থেকে স্বাস্থ্যবিধি মেনে টিকা প্রদান করা হয়। এময় পলাশ ইউনিয়ন ও বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এছাড়াও বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সফর উদ্দীন, উপজেলা নির্বাহি অফিসার সাদিউর রহিম জাদিদ, উপজেলা স্বাস্থ্য ও প, প কর্মকর্তা আব্দুল্লাহিল মারুফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আব্দুল্লাহিল মারুফ জানান, উপজেলার পাঁচটি ইউনিয়নের ৫টি কেন্দ্রেই ব্যাপক উৎসাহ ও উপস্থিতির মধ্য দিয়ে সুন্দর ও সুষ্ঠুভাবে করোনা ভাইরাস টিকা প্রদান করা হয়েছে। পলাশ ইউনিয়নের কেন্দ্রে লোকজন বেশি থাকায় আরও অতিরিক্ত ৪০ টি টিকা প্রদান করা হয়েছে।
তাহিরপুর
তাহিরপুরে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলার ৭টি ইউনিয়নে সকাল ৯টায় থেকে একযোগে গণটিকাদান ক্যাম্পেইন শুরু হয়। বেলা ১১টায় আনোয়ারপুর উচ্চ বিদ্যালয় গণটিকাকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল,উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর,ইউএইচএফপিও ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী,উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা,উপজেলা সহকারী কমিমনার(ভূমি)মো. আলা উদ্দিন,থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার,আনোয়ারপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বিমল চন্দ্র দে,বালিজুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জহুর,সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন প্রমূখ।
ইউএইচএফপিও ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী বলেন,তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নের গণটিকা কেন্দ্রে সর্বমোট ৪ হাজার ৪৬৫ জনকে টিকা দেয়া হয়েছে।


