বিশেষ সম্পাদকীয়-মহামান্য রাষ্ট্রপতি আপনাকে স্বাগতম

মহামান্য রাষ্ট্রপতি,
বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে আসন গ্রহণ করার পরও আপনি নিতান্তই আমাদের আপনজন । আপনি মিঠামইনের এক হাওরপাড়ে জন্ম নিয়ে পুরো বাংলাদেশকে আলোকিত করেছেন। এই বিচ্ছুরিত আলোর প্রতিটি বিন্দুকে মনে করি আমাদের প্রাণের ভিতর থেকে জেগে উঠা ভালোবাসার এক-একটি রক্তবিন্দু। সত্যিই আমরা মনে-প্রাণে বিশ্বাস করি রাষ্ট্রপতির দুর্ভেদ্য রাষ্ট্রাচারের ভিতরে বসবাস করেও আপনি হাওরের উদার প্রকৃতির মতো বিশাল উন্মুক্ত অবারিত এক মহৎপ্রাণ। আপনার সহজ-সরল জীবন যাপন, আন্তরিকতায় পরিপূর্ণ অকৃত্রিম কথাবার্তা,  সুক্ষ রসবোধ, প্রজ্ঞা ইত্যাদি সবকিছুই এই হাওর উৎসারিত। আপনি আমাদেরই স্বজন একজন। দূরের কেউ নন। আপনি আজ নিজের এলাকায় আসছেন। আসছেন এমন এক সময়ে যখন এই হাওরের মানুষের বুকে অশেষ দুঃখ-যন্ত্রণা। বছরের একটি মাত্র বোরো ফসল হারিয়ে হাওরপাড়ের এই মানুষগুলো আজ নিদারুণ এক অভাবের সন্মুখিন। এরকম সময়ে আপনার আগমন এই দুঃখী মানুষের বুকে সাহসের প্রেরণা হয়ে দেখা দিবে। দুঃসময়ে কাছে আসার জন্য আপনার প্রতি হাওরবাসীর পক্ষে আমরা জানাই অশেষ কৃতজ্ঞতা হে মান্যবর।
লাঙলের ফলা থেকে উত্থিত, জলের বিস্তৃতি থেকে জাগ্রত এই অঞ্চলের সংগ্রামী মানুষের যে সভ্যতা-সংস্কৃতি-উৎপাদন ব্যবস্থা- সেখানে কোন বিচ্যুতি হলে কী কী প্রতিক্রিয়া হতে পারে তার সবই আপনার জানা। আপনাকে নতুন করে জানানোর যেকোনো চেষ্টাকেই আমরা ধৃষ্টতা মনে করি। প্রায় নব্বই ভাগ ফসল হারিয়ে এই অঞ্চলের বোরো চাষিরা সামনের একটি বছর যেসব সমস্যায় পড়বেন, সেখান থেকে তাদের পরিত্রাণের উপায়, সরকার ও রাষ্ট্রের করণীয় কী; তার সবই আপনার জানা। আপনার আগমনটাকেই আমরা যাবতীয় সমস্যার সমাধানসূত্র মনে করছি হে প্রিয়জন। আপনার বিশাল হৃদয়ে হাওরবাসীর জন্য যে কষ্ট জন্ম নিয়েছে, ্আপনি যে আমাদের জন্য সমব্যথী হয়েছেন সেটুকু জেলাবাসী ভালভাবেই বুঝতে পারছেন। মাত্রই এক সপ্তাহের ঘোষণায় আপনার এই আগমন প্রমাণ করে, কতোটা উদগ্রীব রয়েছেন আপনি হাওরের ক্ষতি স্বচক্ষে দেখার জন্য। আপনার মনের এই উদগ্রীব কষ্টানুভূতিটুকু আমাদের পরম পাওয়া।
মহান মুক্তিযুদ্ধে এই অঞ্চল ছিলো আপনার বীরত্বধন্য। এই অঞ্চলের বহু এলাকায় মুক্তিযুদ্ধের সাংগঠনিক কাজে আপনি নিরলস কাজ করেছেন। মহান মুক্তিযুদ্ধের জাতীয় ও আঞ্চলিক ইতিহাসে আপনার অবদান স্মরণীয়-বরণীয় শ্রদ্ধায়-ভালোবাসায়। মহান জাতীয় সংসদকে আপনি যেভাবে প্রাণবন্ত রাখতেন তা এখন সকলের জন্য অনুসরণীয়-অনুকরণীয়। রাজনীতিবিজ্ঞানে আপনার সংসদ পরিচালনা কুশলতা অবশ্যই অপরিহার্য পাঠ্যবিষয়। এখন রাষ্ট্রপতিরূপে সর্বজনমান্য গ্রহণযোগ্য মহাত্মা হিসেবে আরেক দৃষ্টান্ত স্থাপন করেছেন। সারা জীবনব্যাপী জীবনের নানা বাঁকে নানারূপে আপনার যে অবদান তা বাঙালি জাতিগঠনে রেখে চলেছে ঐতিহাসিক ভূমিকা। আর এসব কৃতিত্বেই আমরা আনন্দিত। আপনার যাবতীয় অর্জনগুলোকেই আমরা নিজেদের অর্জনরূপেই চিন্তা করতে পছন্দ করি হে মান্যজন।
সুনামগঞ্জে আপনার শুভাগমন আমাদের বর্ণিল ইতিহাসে আরেক নতুন বাঁক তৈরি করুক এই কামনা। আপনার সুস্বাস্থ্য ও সর্বতো মঙ্গল কামনা করি।