বিশ্বম্ভরপুরে আইনশৃঙ্খলা সভায় মাদক প্রতিরোধ নিয়ে আলোচনা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভপুর উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলার নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদক প্রতিরোধে ব্যাপক আলোচনা হয়েছে।
মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ হারুনুর রশিদ।
সভায় ফতেপুর ইউপি চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন শাহাপুর গ্রামের মাদক       ব্যবসায়ী কামাল ও আনসারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ গরু চোরদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন।
ধনপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার তার ইউনিয়নে মাদকদ্রব্য সেবনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।
সলুকাবাদ ইউপি চেয়ারম্যান রওশন আলী চলতি নদীতে অবৈধ ড্রেজার মেশিনদ্বারা বালু উত্তোলনের ফলে নদীপাড়ের বসতবাড়ী ও আবাদী জমি বিলীন হয়ে যাচ্ছে উল্লেখ করে এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।  
প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন করচার হাওরের উত্তর পারের বোরো জমিতে কচুরি পানা পরিষ্কার করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।