বিশ্বম্ভরপুরে ঘর পাবে ৬০ গৃহহীন পরিবার

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
‘একজন মানুষ গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই স্লোগানকে সামনে রেখে বিশ্বম্ভরপুরে গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমি সহ গৃহ হস্তান্তর কার্যক্রম বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্স বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্জন গোস্বামী, প্রেসক্লাব সদস্য নুরুল ইসলাম, ধীরেন্দ্র দেবনাথ, সুনামকন্ঠ প্রতিনিধি হাসান বশির প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার সাদিউর রহিম জাদিদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল (২১ জুলাই) তৃতীয় পর্যায়ের নির্মিত গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। সারা দেশে ২৬ হাজার ২২৯টি ঘর গৃহহীনদের মধ্যে হস্তান্তর করা হবে। এর অংশ হিসেবে বিশ্বম্ভরপুর উপজেলায় ৬০ টি ঘরের উদ্বোধন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।