বিশ্বম্ভরপুরে পিআইসি বাতিলের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চলতি নদীর ডান তীরে ফসলরক্ষা বাঁধের কাজে ৩৪ নং পিআইসিতে ৭নং ওয়ার্ডের প্রকৃত কৃষকদের অন্তর্ভুক্ত না করায় নতুন কমিটি গঠনের দাবিতে মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় হাওর এলাকার কালিপুর গ্রামের কৃষকদের আয়োজনে চলতি নদীর ডান তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কালিপুর গ্রামের কৃষক আতাউর রহমান, সোলেমান মিয়া, সাবেক ইউপি সদস্য শহিদুর রহমান, চাঁন মিয়া, জালাল উদ্দিন, ইউসুফ আলী, রেজাক মিয়া, আব্দুর রহমান, আব্দুর রশিদ, জামাল মিয়া ও রহমত আলী।
মানববন্ধনে কৃষকরা বলেন, আমাদের হাওর পাড়ের মানুষের একমাত্র জীবন জীবিকার অবলম্বন এক ফসলি জমি। কিন্তু এই সলুকাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কালিপুর গ্রামের কৃষক হয়েও চলতি নদীর ডান তীরে ৩৪ নং পিআইসিতে প্রকৃত কৃষকদের অন্তর্ভুক্ত করা হয়নি। ৮নং ওয়ার্ডের সদস্যদের যাদের এই হাওরে জমি নেই তাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা এই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান।
এ ব্যাপারে বিশ্বম্ভরপুরের উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদ জানান, এই বাধেঁর পাশে যারা প্রকৃত কৃষক রয়েছেন তাদেরকে উপজেলা বাছাই কমিটিতে যাচাই বাছাই করে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কমিটিতে কালিপুর গ্রামের কিছু সদস্যকে রাখা হয়েছে।