বিশ্বম্ভরপুরে হাওড়ের কালো মাটি জ্বালানী হিসাবে ব্যবহার হচ্ছে

স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন হাওড়ের কালো মাটি উত্তোলন করে অনেকেই বিকল্প জ্বালানী হিসেবে ব্যবহার করে উপকৃত হচ্ছেন। উপজেলার বৃহৎ করছার হাওড়ে বেকাবান্দ, সিংগীর দাইড়ের পাশে, আবুয়া নদীর পাড়, সলুকাবাদ ইউপির জিনারপুর, রামপুর, মনিপুরী হাটি, চলতি নদীর পাড় ইত্যাদি এলাকার ডোবা, খালে প্রচুর পরিমাণ কালো মাটি পাওয়া যায়। হেমন্তে হাওড়ের এসমস্ত ডোবা, নালা থেকে এলাকার লোকজন কালো মাটি উত্তোলন করে বিকল্প জ্বালানী হিসেবে রান্নার কাজে ব্যবহার করছেন। অনেকেই নিজের চাহিদা মিটিয়ে জ্বালানী হিসেবে বিক্রি করে লাভবান হচ্ছেন। হেমন্তে অনেক নারী-পুরুষ হাওড় থেকে কালো মাটি তোলে নিয়ে এসে শুকিয়ে জ্বালানী তৈরি করেন।
বিশ্বম্ভরপুর গ্রামের সবুজ নাহার ও বিরোজা বিশ্বাস বলেন,‘আমরা কালা মাটি তুইল্লা তা হাত-পাউ দিয়া কাদার মত মাকাইয়া নরম কইরা ছোট ছোট ছটা বানাইয়া রইদে শুকাইয়া বাড়িতে নিয়া রান্নার কাজে লাকড়ী হিসেবে ব্যবহার করি।’
ফুলবড়ী গ্রামের আবুল হোসেন ও বিশ্বম্ভরপুর গ্রামের আকবর বলেন,‘বিগত কয়েক বছর যাবৎ এলাকার অনেক লোক জন কালো মাটি উত্তোলন করে জ্বালানী হিসেবে ব্যবহার করে উপকৃত হচ্ছে। হেমন্তে এ কালো মাটি তুলে পুরো বর্ষায় ব্যবহার   
করা হয়। ’বায়পুর গ্রামের রাজেশ সর্মন, সুরভী বর্মন ও ইন্দ্রজিত বলেন,  অত্র এলাকায় গাছ পালা, বন জঙ্গল কম থাকায় আমাদের রান্নার কাজে লাকড়ীর অভাব রয়েছে। এমতাবস্থায় কালো মাটি অনেকটাই জ্বালানীর চাহিদা মেটাচ্ছে।
স্থানীয়রা জানান, কালো মাটি উত্তোলনের সময় মাঝে মাঝে কছম নামক এক জাতীয় কালো গাছও পাওয়া যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন বলেন,‘অতীতে ভূমিকম্পের ফলেই প্রচুর গাছপালা বন-জঙ্গল মাটির নিচে চাপা পরে এসমস্ত কালো মাটির সৃষ্টি হয়েছে। হাওড় এলাকায় হেমন্তে কালো মাটি উত্তোলন করে লোকজন বিকল্প জ্বালানী হিসেবে ব্যবহার করে উপকৃত হচ্ছেন। তা ছাড়া হাওড়ের ডোবাগুলোও এর মাধ্যমে কিছু খনন হচ্ছে।’