স্টাফ রিপোর্টার
বিবদমান দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা, আদালতে মামলা দায়েরসহ গ্রুপিং রাজনীতির কারণে বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। বুধবার রাতে জেলা বিএনপির আহবায়ক নাছির উদ্দিন চৌধুরী ও আহবায়ক কমিটির প্রথম সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বিএনপির দলীয় প্যাডে বিশ্বম্ভরপুর উপজেলার বিএনপির আহবায়ক একাংশের নেতা উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ ও অন্য অংশের নেতা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সদস্য অ্যাড. আব্দুল হককে পৃথকভাবে চিঠি দিয়ে বিষয়টি অবগত করেন।
নাছির উদ্দিন চৌধুরী ও কলিম উদ্দিন আহমদ মিলনের স্বাক্ষরিত জেলা বিএনপির চিঠিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হইল।
উল্লেখ্য, গত ২৭ আগষ্ট বিশ্বম্ভরপুর উপজেলা সদরে দলীয় কর্মসূচি পালনকালে দু’পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা অ্যাড. মো. আব্দুল হকসহ ৫জন আহত হন। ওই সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার আদালতে মামলা দায়ের করেন অ্যাড. মো. আব্দুল হক গ্রুপের ছাত্রদল নেতা আলমগীর। একইদিন উপজেলা সদরে পৃথক মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে একাংশের নেতাকর্মীরা উপজেলার বিএনপির আহবায়ক একাংশের নেতা উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদের অপসারণ দাবি করেন।


