স্টাফ রিপোর্টার
শাল্লা উপজেলা ক্ষতিগ্রস্ত নোয়াগাঁও গ্রাম পরিদর্শন করেছেন ঢাকার একটি নাগরিক প্রতিনিধি দল। নাগরিক প্রতিনিধি দলটি শনিবার সকালে নোয়াগাঁও গ্রামের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেন এবং গ্রামের ক্ষতিগ্রস্ত লোকদের সাথে কথা বলেন।
পরিদর্শনকালে নাগরিক প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক রোবায়েত ফেরদৌস, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেত্রী তনিমা সিদ্দিকী, এলআরডির রফিক আহমেদ সিরাজী, আইইডির হরেন্দ্র নাথ সিং, আদিবাসী ফোরামের দীপায়ন খীসা, সম্মিলিত সামাজিক আন্দোলনের পারভেজ, অবজারভার প্রতিবেদক বনানী মল্লিক, দৈনিক সমকালের প্রতিবেদক জাহিদুর রহমান।
অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, ‘বিশ্বাস ও আস্থায় চিড় ধরেছে। পুনরায় সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে। কৃষকদের বোরো ধান তোলতে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গ্রামের শিশু ও নারীদের নিরাপত্তায় বিশেষ নজর দিতে হবে।’
এদিকে দুপুরে নোয়াগাঁও গ্রামের ক্ষতিগ্রস্ত ৭০ টি পরিবারকে কেন্দ্রীয় মহিলা পরিষদের পক্ষ থেকে নগদ ৫০০ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মহিলাদের হাতে সহায়তা তোলে দেন সুনামগঞ্জ জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য, সাধারণ সম্পাদক শরিফা আশরাফি, আন্দোলন সম্পাদক অমিতা রায় প্রমুখ।


