স্টাফ রিপোর্টার
জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুটকে নিয়ে বিভক্ত দলটির নেতা-কর্মী ও জনপ্রতিনিধিরা। দুই প্রার্থীর পক্ষে প্রকাশ্য প্রচারণায় অংশ নিচ্ছেন তাঁরা। নির্বাচনী প্রচারণার শেষ মূহূর্তে জেলাজুড়ে উত্তেজনাও বিরাজ করছে। বুধবার রাতে জেলার তাহিরপুরে ছুরিকাঘাতে একজন ইউপি সদস্য আহতও হয়েছেন। গুরুতর আহত এই ইউপি সদস্যকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২০১১ সালের ২০ নভেম্বর সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পান ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। এরপর ২০১৪ সালের জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে (সদর ও বিশ্বম্ভরপুর) আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলে ওই পদ থেকে পদত্যাগ করেন তিনি। পরে এ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেয় আওয়ামী লীগ। এরপর তাঁকে আবার জেলা পরিষদের প্রশাসক করা হয়। সর্বশেষ চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক হন। এ দিন শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এখনো পূর্ণাঙ্গ কমিটি হয়নি। কিন্তু নির্বাচনী মাঠে জেলা কমিটির সভাপতি ও সাবেক সাংসদ মতিউর রহমান, দলের জাতীয় কমিটির সদস্য ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র মো. আয়ুব বখত জগলুলসহ বেশ কিছু নেতা-কর্মী ব্যারিস্টার ইমনের বিপক্ষে অবস্থান নিয়েছেন।
নুরুল হুদা মুকুট ২০০১ সাল থেকে ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে দলের মনোনয়ন চেয়েও পাননি। এবার জেলা পরিষদ নির্বাচনে দলের মনোনয়ন চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু দলীয় সমর্থন পাননি।
জেলা কমিটির কয়েকজন সাবেক নেতা জানান, গত জেলা সম্মেলনকে কেন্দ্র করে সুনামগঞ্জ আওয়ামী লীগে দুটি বলয়ের সৃষ্টি হয়েছে। একদিকে আছেন জেলার দলীয় সাংসদেরা। ব্যারিস্টার ইমন আছেন সাংসদদের বলয়ে। অন্যদিকে আছেন জেলা সভাপতি মতিউর রহমান, সাবেক দুই সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট ও মো. আয়ুব বখত জগলুলসহ অন্যরা।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল প্রকাশ্যে প্রচারণায় রয়েছেন নুরুল হুদা মুকুটের পক্ষে।
নুরুল হুদা মুকুট বলেছেন, ‘দল একজনকে সমর্থন দিয়েছে, কিন্তু কাউকে নির্বাচন করতে নিষেধ করেনি। আমি ৪০ বছর ধরে রাজনীতি করি। তৃণমূলের নেতা-কর্মীরা আমাকে প্রার্থী করেছেন। তাঁরা আমার সঙ্গে আছেন।’ মুকুটের অভিযোগ, দলের স্থানীয় সাংসদেরা আচরণবিধি লঙ্ঘন করে ব্যারিস্টার ইমনের পক্ষে কাজ করছেন। ভোটারদের নানাভাবে প্রভাবিত করছেন। বিশেষ করে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের নাম উল্লেখ করে তিনি তাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন। নিজের বিজয়ী হওয়ার সম্ভাবনার কথা জানিয়ে মুকুট বলেন,‘বুধবার রাতে তাহিরপুরে যে ইউপি সদস্য ছুরিকাহত হয়েছেন, তিনিও তার পক্ষেই ছিলেন, পরে স্থানীয় সংসদ সদস্য প্রভাব খাটিয়ে তাকে ব্যারিস্টার ইমনের পক্ষে নিয়েছেন।’ ঐ ইউপি সদস্য (মতিউর রহমানকে) তাঁর কোন সমর্থক আঘাত করেনি বলে দাবি তাঁর।
ব্যারিস্টার ইমন বলেছেন,‘আমি জননেত্রী শেখ হাসিনার প্রার্থী। অতীতে বিভিন্ন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে বার বার যারা অবস্থান নিয়েছে এবং স্বাধীনতা বিরোধী হিসাবে চিহ্নিতরা আমার বিরুদ্ধে নেমেছে। ইনশাল্লাহ্ ২৮ ডিসেম্বরের নির্বাচনে উন্নয়নের পক্ষে, সন্ত্রাসের বিরুদ্ধে রায় দেবেন জনপ্রতিনিধিরা।’
তিনি বলেন, ‘নির্বাচনী সহিংসতা ছড়ানোরও চেষ্টা হচ্ছে। বুধবার রাতে মতিউর রহমান নামের একজন ইউপি সদস্যকে তাহিরপুরে ছুরিকাঘাত করা হয়েছে। ভীতি ছড়ানোর জন্য এরা এই কাজ করছে। জনপ্রতিনিধিরা এইসব আচরণের দাঁত ভাঙা জবাব দেবে’।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। অন্য দুজন হলেন লন্ডন প্রবাসী আহবাব হোসেন চৌধুরী ও চঞ্চলা দাশ। এ ছাড়া সাধারণ সদস্যপদে ৭৬ জন এবং সংরক্ষিত নারী সদস্যপদে ২০ জন প্রার্থী আছেন। জেলায় মোট ভোটার এক হাজার ২১৫ জন।
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন দুজনেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছেন।


