বীর মুক্তিযোদ্ধার সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার
‘মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল শিক্ষা ট্রাস্ট’র উদ্যোগে সুনামগঞ্জ জেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ৫৩ জন বীর মুক্তিযোদ্ধার সন্তানকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও ট্রাস্টের সভাপতি দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সাধারণ সম্পাদক কবি মুনমুন চৌধুরী।
জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রজত কান্তি সোম, সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, সুনামগঞ্জ মুক্তি সংগ্রাম স্মৃতি ট্রাস্টের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমদ, বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদ, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিল রহমান, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল-খসরু উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক আহমদ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মোহাম্মদ আকাশ ও মোছা. ফাহিমা সরকার। পরে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন অতিথিরা।
বক্তাগণ বলেন, মুক্তিযোদ্ধার সন্তানদের আগামী দিনের যোগ্য নাগরিক হতে হবে। তাদের পিতারা জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছেন এখন মুক্তিযোদ্ধার সন্তানদের দেশ গঠনে গুরুদায়িত্ব পালন করতে হবে। সবাইকে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলালের মতো সৎ,দেশ প্রেমিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলতে হবে।
প্রসঙ্গত, ২০০০ সাল থেকে সুনামগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধাদের মেধাবী সন্তানদের প্রতি বছর শিক্ষাবৃত্তি দিয়ে আসছে ‘মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল শিক্ষা ট্রাস্ট’। এ বছর ট্রাস্টের পক্ষ থেকে ৫৩ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি হিসেবে এক লাখ টাকা এবং জেলার দোয়ারাবাজার উপজেলার মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল-খসরু উচ্চবিদ্যালয়কে ট্রাস্ট পরিচালনার নীতিমালা অনুযায়ী ২৮ হাজার টাকা প্রদান করা হয়।