স্টাফ রিপোর্টার, দিরাই
দুর্যোগপূর্ণ আবহাওয়া। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি। সাথে বইছে দমকা হাওয়াও। এর পরেও হাজারো মানুষের ঢল নেমেছিল। স্কুল-কলেজের শিক্ষার্থীদের সরব উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
ঘড়ির কাটা তখন ১ টা। আকাশে হেলিকপ্টার’র শব্দ। ব্যানার, ফ্যাস্টুন-প্লেকার্ড নিয়ে মিছিলে মিছিলে পৌর শহর প্রকম্পিত হচ্ছিল। বিবিয়ানা মডেল কলেজ ও দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কন্ঠে নিজ নিজ স্কুল-কলেজ জাতীয়করণের আওয়াজ উঠছিল। বৃষ্টি ভেজা দুপুরে এ যেন অন্য রকম পরিবেশ বিরাজ করছিল পৌর শহর দিরাইয়ে।
কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টার অবতরণ করে দিরাই হেলিপ্যাড মাঠে। বেরিয়ে আসেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও আইন, বিচার ও সংসদ
বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বর্ষীয়াণ রাজনীতিক সুরঞ্জিত সেন গুপ্ত এমপি।
হেলিপ্যাড মাঠে সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন, পৌর মেয়র মোশাররফ মিয়া অতিথিদের ফুল দিয়ে বরণ করেন। অনুষ্ঠানস্থলে যাবার আগে মন্ত্রীকে সুরঞ্জিত সেন গুপ্তের বাসভবনে গার্ড অব অনার দেওয়া হয়। সেখানে চা আপ্যায়নের পরই শিক্ষামন্ত্রীকে সুরঞ্জিত সেনগুপ্ত পলিটেকনিক ইন্সটিটিউট ও মহিলা কলেজ ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের দিরাই আগমন উপলক্ষে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিবিয়ানা মডেল কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাশ তালুকদার বলেন,‘জাতীয়করণের দাবি নিয়ে আমার কলেজের ছেলে-মেয়েরা এসেছে। ফলাফলের দিক থেকে আমরা একাধিকবার এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মর্যাদা পেয়েছি। আমার কলেজের শিক্ষার্থীরা কলেজ জাতীয়করণের দাবি করতেই পারে।’
দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল বলেন,‘উপজেলার একমাত্র এমপিওভূক্ত প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান এটি। নারী শিক্ষা প্রতিষ্ঠাকে বর্তমান সরকার যেহেতু সর্বাধিক গুরুত্ব দিচ্ছে সেহেতু এ প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হলে প্রধানমন্ত্রীর আশা-আকাঙ্খা প্রতিফলিত হবে।’


